পুরুষ অধিকার রক্ষায়
ভারতের মেঘালয় রাজ্যে খাসিয়া সমপ্রদায়ে নারীরাই হচ্ছেন পরিবারের প্রধান। বিয়ের পর পুরুষকে গিয়ে থাকতে হয় স্ত্রীর বাড়িতে। আর সন্তানকে নিতে হবে মায়ের পারিবারিক নাম। যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে খাসিয়াদের মধ্যে। খাসিয়া পুরুষদের এই অবস্থা থেকে উত্তরণে গঠিত হয়েছে এসআরটি নামের একটি সংগঠন। নারী প্রধান সমাজে পুরুষের অধিকার প্রতিষ্ঠা এই সংস্থার উদ্দেশ্য। খাসিয়া পুরুষরা মনে করে তাদের কাঁধে কোনো দায়িত্ব নেই। তাই তারা মাদক সেবন থেকে শুরু করে অ্যালকোহলের দিকে ঝুঁকে জীবনকে শেষ করে দিচ্ছে। —এএফপি
গুয়েতামালায় মাদক
ল্যাটিন আমেরিকার একটি অন্যতম সংঘাতপূর্ণ দেশ গুয়াতেমালা, যেখানে প্রতিবছর মাদক সংক্রান্ত হানাহানিতে হাজার হাজার হত্যার ঘটনা ঘটে থাকে। মাদকচক্রের বিরুদ্ধে গুয়াতেমালা অনেকদিন ধরেই লড়াই করে আসছে। গুয়াতেমালার সরকার এর বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছেন এবং তাতে তারা সুফলও পেয়েছেন। তাদের মতে, মাদকের চালানের বৈধতা দিলে এই ধরনের সংঘর্ষ এবং হত্যাকাণ্ড ঘটবে না। —বিবিসি
টুথব্রাশে ঘড়ি
যাদের ঘুম ভাঙতে আলসেমি, তাদের জন্য টুথব্রাশ তৈরি করেছেন প্রযুক্তিবিদরা। যেটি নির্ধারিত সময়ে আপনার ঘুম ভাঙাবে। ম্যাশএবলের বরাত দিয়ে জানা গেছে, নির্ধারিত সময়ে ঘুম না ভাঙা পর্যন্ত অ্যালার্ম বাজতে থাকবে টুথব্রাশটিতে। যতোক্ষণ না আপনি ব্রাশটির মাথা খুলবেন, ততোক্ষণ অ্যালার্ম বাজতেই থাকবে বলে জানিয়েছেন ডিভাইসটির নির্মাতা প্রতিষ্ঠান। তিন থেকে পাঁচ মাসের মধ্যে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতারা। ব্রাশটির মূল্য হতে পারে ১৫০ ডলার।- বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকম
শিল্পীদের প্রিয় বার্লিন
ক্রিয়েটিভ পরিবেশ আর কম খরচে জীবনযাপনের সুযোগ থাকার কারণে বিশ্বের অনেক নামী শিল্পী তাদের জীবনের একটা সময় বার্লিনে কাটিয়েছেন। ব্রিটিশ শিল্পী ডেভিড বোয়ি তাদের মধ্যে একজন। ডেভিড বোয়ির সঙ্গী ইগি পপও ১৯৭৬ সালে বার্লিনে আসেন।‘দ্য ইডিয়ট’ আর ‘লাস্ট ফর লাইফ’ নামে তার দুটো বিখ্যাত অ্যালবামের কাজ হয়েছে এই বার্লিনেই। আরেক ব্রিটিশ পপ শিল্পী, ডেপেশ মোড গোষ্ঠীর যুগ্ম প্রতিষ্ঠাতা মার্টিন গোর ১৯৮৫ থেকে দুই বছর তার জার্মান বান্ধবীর সঙ্গে বার্লিনে ছিলেন। ক্যানাডিয়ান শিল্পী মেরিল বেথ নিস্কার কয়েক বছর আগে থেকে নিয়মিত থাকছেন বার্লিনে। ‘দ্য টিচেস অফ পিচেস’, ‘কিক ইট’ এগুলো তার জনপ্রিয় অ্যালবাম। —ডয়েচে ভেলে
