শিরোপাধারী রজার ফেদেরারকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের শেষ চারে পা রাখলেন রাফায়েল নাদাল। শেষ চারে তার প্রতিপক্ষ হবেন আরেক সুইস টমাস বার্ডিচ। অন্যদিকে মহিলা এককের এক নাম্বার বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা ইনজুরির কারণে বাধ্য হয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিতে।
সাধারণত টুর্নামেন্টের সেমিফাইনাল অথবা ফাইনালে দেখা যায় ফেদেরার-নাদাল দ্বৈরথ। তবে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের এবারের আসরের ড্র অনুষ্ঠানের পরেই নিশ্চিত হয়ে যায় সবকিছু ঠিকভাবে চললে শেষ আটেই মুখোমুখি হবেন দু’জন। তাই অধীর আগ্রহেই টেনিসভক্তরা অপেক্ষা করছিলেন এই ম্যাচটির জন্য। প্রায় এক বছর পর মুখোমুখি হচ্ছেন দু’জন। তাই রোমাঞ্চিত ছিলেন টেনিসভক্তরাও। তবে শেষ পর্যন্ত একতরফা এক ম্যাচই দেখলেন সবাই। তাতে এই টুর্নামেন্টের চারবারের চ্যাম্পিয়ন সুইস সুপারস্টার ফেদেরারকে হারিয়ে প্রায় এক বছর পর হার্ড কোর্টের কোন টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছালেন সাবেক বিশ্বসেরা নাদাল। পাশাপাশি শোধও নিলেন গেল আসরের হারটির।
২০০৪ সালের পর এই প্রথমবারের মতো কোন টুর্নামেন্টে শেষ চারের আগে দেখা হলো দু’জনের। ইনজুরি কাটিয়ে ফেরা নাদালের বিরুদ্ধে কাগজে-কলমে কিছুটা হলেও এগিয়ে ছিলেন ফেদেরারই। ফেদেরার শুরুও করেছিলেন আক্রমণাত্মক ভঙ্গিতেই। প্রথম সেটে এক পর্যায়ে তিনি এগিয়ে যান ৩-২ গেমে। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসেন নাদাল। নিজের সার্ভে টানা দুটি পয়েন্ট তুলে নিয়ে স্কোরবোর্ডে সমতা নিয়ে আসেন তিনি। এরপরে ফেদেরারের সার্ভে পয়েন্ট কেড়ে নিয়ে এগিয়ে যান ৪-৩ গেমে। সেটের এই অবস্থায় মেজাজ হারিয়ে ফেলা ফেদেরার খেলতে থাকেন একের পর এক ভুল শট। ফলে ৬-৪ গেমে ম্যাচটি জিতে নেন নাদাল।
প্রথম সেটের মতোই দ্বিতীয় সেটেও এগিয়ে গিয়েছিলেন রেকর্ড ১৫টি গ্রান্ডস্ল্যাম শিরোপাধারী ফেদেরারই। ৩-২ ব্যবধানে তিনি এগিয়ে গেলেও দারুণ উজ্জীবিত ‘রাফা’র পাওয়ার টেনিসের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেননি ৩১ বছর বয়সী এই খেলোয়াড়। মাত্র দেড় ঘন্টায় হার মেনে নেয়ার পরে ফেদেরার পরাজয়ের পেছনে খোঁজেননি নিজের পিঠের ইনজুরির অজুহাত। বরং প্রথম সেটটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে বলে তিনি মনে করেন। ম্যাচ শেষে তিনি বলেন,‘আমি বুঝতে পেরেছিলাম সময় গড়ানোর সাথে সাথে আমাকে আমার খেলার ধরন পাল্টাতে হবে। আমি যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। উপরন্তু সে (নাদাল) আস্তে আস্তে নিজেকে ফিরে পাচ্ছিল। আমি জানি শুরুতেই একটি সেট হেরে গেলে ম্যাচে ফেরাটা আসলেই কঠিন হয়ে যায়।’
এই জয়ের ফলে হার্ড কোর্টে দু’জনের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দাঁড়াল ৬-৬। তবে ১৯-১০ ব্যবধানে ক্যারিয়ার পরিসংখ্যানে এগিয়ে আছেন স্প্যানিশ তারকা নাদালই।
সরে দাঁড়ালেন অ্যাজারেঙ্কা স্টোসার
এদিকে ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কার পাশাপাশি ইনজুরির কারণে শেষ আট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সপ্তম বাছাই সামান্থা স্টোসারও। গোড়ালির ইনজুরির কারণে শেষ আটে ক্যারোলিন ওজনিয়াকির বিরুদ্ধে ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে অ্যাজারেঙ্কা বলেন, ‘চোটটা আসলেই খুব ব্যথাদায়ক। আমি এর অবস্থা আরো খারাপ করার ঝুঁকি নিতে পারি না।’
সেমিতে ওজনিয়াকির প্রতিপক্ষ হবেন অ্যাঞ্জেলিক কিরবার। কিরবারের শেষ আটের প্রতিপক্ষ ছিলেন স্টোসার। অন্য সেমিতে মারিয়া শারাপোভা খেলবেন মারিয়া কিরিলেঙ্কোর বিরুদ্ধে।
