শেষ আটে ইংলিশদের দাপট

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:১২
গত ১৭ বছরের মধ্যে এবারই প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দেখা যাবে না ইংল্যান্ডের কোন ক্লাবকেই। তবে, সেটা নিয়ে হয়তো খুব বেশি দুঃখ থাকবে না ইংলিশ ক্লাব ফুটবলের সমর্থকদের। উয়েফা ইউরোপা লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে তিনটি ইংলিশ ক্লাব - চেলসি, টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগে অনুষ্ঠিত হয়েছে আটটি ম্যাচ। রোমানিয়ার দল স্টেওয়া বুকারেস্টিকে ৩-১ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে শেষ আটে পৌঁছায় চেলসি। নিউ ক্যাসল ইউনাইটেড রাশিয়ান ক্লাব আঞ্জি মাকাচকালাকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। হেরেও কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে টটেনহ্যাম হটস্পার। সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলে হেরে যায় স্পার্সরা। আগের লেগে তারা নিজেদের মাঠে জিতে ৩-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতা। এরপরেও বিপক্ষের মাঠে গোল করার সুবাদে স্বস্তি পেল ইংলিশ ক্লাবটি। কপাল পুড়লো ইন্টার মিলানের। শেষ আট নিশ্চিত করা অপর দলগুলো হল বেনফিকা, ল্যাজিও, বাসেল, রুবিন কাজান ও ফেনেরব্যাখ। স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-১ গোলে সমতায় ছিল। ৩৩ মিনিটে স্প্যারিনশ তারকা হুয়ান মাতার গোলে ব্লুজরা এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে স্টেওয়াকে সমতায় ফেরান ভ্যাল্ড চিরিচেস। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসতে সময় নেয়নি রাফায়েল বেনিতেজের দল। ৫৮ মিনিটে দলকে এগিয়ে নেন অধিনায়ক জন টেরি। এর ১৩ মিনিট পর গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস। ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত হয় ব্লুজদের। তবে, ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন সেই তোরেস। ‘হিরো’ থেকে ‘জিরো’ তে নেমে আসতে এখন আর খুব বেশি সময় লাগছে না এই স্প্যানিশ তারকার। প্রথম লেগে রোমানিয়ার দলটির বিপক্ষে ১-০ গোলে হারে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি। ফিরতি লেগে নিজেদের মাঠে ৩-১ গোলে জয় পাওয়ার পর কোচ রাফায়েল বেনিতেজ বলেন, ‘আমরা ভালো একটি দলের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছি। তাই আমার মতো দলের অন্য সবাই দলের এই পারফরম্যান্সে খুশি। ম্যাচের শুরুতেই আমার দল আত্মবিশ্বাসী ছিল, আর ম্যাচের পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। এফএ কাপের ম্যাচে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসেছিলাম। তাই বলা যায় আমরা ভালো ফুটবলের মধ্যেই আছি।’ ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে মোটামুটি নিশ্চিত হয়েই মাঠে নেমেছিল কোচ ভিলাস বোয়াসের দল। তবে, তাদের প্রতিপক্ষের মাঠে তাদের ঘাম ছোটায় ক্যাসানো-প্যালাসোরা। নির্ধারিত সময়ে খেলা ৩-০ গোলে এগিয়ে ছিল ইন্টার মিলান। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আবারও গোল করে ইন্টার মিলান। গোল দাতা রিকার্ডো অ্যালাভারেজ। গোলটি আসে ১১০ মিনিটে। তবে, এর আগেই ঘটে আসল ঘটনা। ৯৬ মিনিটে গোল করে দলকে জয়ের আনন্দে ভাসান ইমানুয়েল আদেবায়োর। হারের পরেও আনন্দে ভাসা কোচ ভিলাস বোয়াস তাই ইতিবাচক মানসিকতারই প্রকাশ ঘটালেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ আমাদের সাথে যা ঘটলো এক সপ্তাহ আগে লন্ডনে ইন্টার মিলানেরও একই অবস্থার মুখোমুখি হতে হয়েছিল। তবে, তাদের সেদিন তারা বলার মতো কোন পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে সান সিরোতে আমরা আরও ভালো পারফর্ম করেছি।’ সাবেক চেলসি কোচ আরও বলেন, ‘আমরা আজকে অনেক পজিটিভ ফুটবল খেলেছি। আমরা যোগ্য দল হিসেবেই শেষ আট নিশ্চিত করেছি। আর অতিরিক্ত সময়ে আমরা আরও ভালো ফুটবল খেলেছি। এটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক।’ বৃহস্পতিবারের ফলাফল রুবিন কাজান ২ লেভান্তে ০ জেনিথ সেইন্ট পিটার্সবার্গ ১ এফসি বাসেল ০ ইন্টার মিলান ৪ টটেনহ্যাম হটস্পার ১ বোর্ডাক্স ২ বেনফিকা ৩ চেলসি ৩ স্টেওয়া বুকারেস্টি ১ ফেনেরব্যাখ ১ ভিক্টোরিয়া ১ ল্যাজিও ৩ ভিএফবি স্ট্রুটগার্ড ১ নিউক্যাসল ইউনাইটেড ১ আঞ্জি মাকাচকালা ০