মাঠে নামছে ফেভারিটরা

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:১২
প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচে আজ মাঠে নামছে ফেভারিটদের প্রায় সবাই। ম্যানচেস্টার ইউনাইটেড আতিথেয়তা দেবে রিডিংকে। আর প্রতিপক্ষের মাঠে খেলতে যাবে ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং আর্সেনাল। ইউনাইটেড আর রিডিংয়ের ম্যাচটাকে তুলনা করা যায় ডেভিড এবং গোলিয়াথের লড়াই হিসেবে। প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান দুই বিপরীত মেরুতে। ১০ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থাকা ম্যানইউর লিগ শিরোপার লড়াইয়ে অনেকটা এগিয়ে আছে অন্য সবারচে। আর শেষের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা রিডিং অবনমন এড়াতে লড়ছে অ্যাস্টন ভিলা এবং কিউপিআরের সঙ্গে। দুই দলের পার্থক্য বোঝাতে হয়তো তাদের মধ্যকার পয়েন্ট ব্যবধানটাই যথেষ্ট। তুমূল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ লিগে ম্যানইউ তাদের আজকের প্রতিপক্ষের চেয়ে এগিয়ে আছে ৪৮ পয়েন্ট! তাছাড়া টানা চার ম্যাচ হারের পরে গত শনিবার রিডিং ছাঁটাই করেছে দলের ম্যানেজার ব্রায়ান ম্যাকডারমটকে। শনিবারের ম্যাচে নিজেদের অবনমন প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলার কাছে হারের পরে বরখাস্ত করা হয় গত চার বছর ধরে দলের দায়িত্বে থাকা ম্যাকডারমটকে। ফলে সবদিক থেকেই আজকের ম্যাচে এগিয়ে থাকবে অ্যালেক্স ফার্গুসনের দল। তবে এরপরেও হয়তো ম্যাচে সতর্কই থাকবেন ফার্গি। কারণ এ মৌসুমে দুইবার মুখোমুখি হয়ে দুইবারই ম্যাচে প্রথম গোলটি করেছিল রিডিংই! যদিও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। এদিকে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী সিটি আজ আতিথেয়তা নেবে এভারটনের মাঠে। ঘরের মাঠে টানা চারটি ম্যাচ জয়ের তুঙ্গস্পর্শী আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে যাওয়া এভারটনের বিরুদ্ধে আজ হয়তো শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হবে সিটিকে। ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে লিভারপুলের সাথে যৌথভাবে ছয় নম্বরে থাকা এভারটন নিজেদের মাঠে সব সময়ই দুর্দমনীয় প্রতিপক্ষের কাছে। গুডজেনসেন পার্কে সিটির বিরুদ্ধে রেকর্ডও কথা বলছে তাদের হয়েই। সর্বশেষ তিনটি ম্যাচেই সেখানে হেরেছে সিটি। আর এখানে ২০০৯ সালে এসেছে তাদের সর্বশেষ জয়টি। আজকের ম্যাচে এভারটনকে তাতিয়ে দিতে পারে আরো একটি তথ্য। ইউরোপা লিগের পরের আসরে জায়গা পেতে হলে তাদের থাকতে হবে প্রিমিয়ার লিগের শীর্ষ ছয়ে। তাই আজকের ম্যাচে জিতে লিভারপুলের সমান্তরালেই এগিয়ে যেতে চাইবে তারা। সিটির জন্য সুসংবাদ হচ্ছে আজকের ম্যাচে হয়তো তারা ফিরে পাচ্ছে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি এবং সার্জিও আগুয়েরোকে। ইনজুরি কাটিয়ে দুইজনেই প্রায় সুস্থ। এদিকে সাউদাম্পটনের মাঠে আজ জয়ের লক্ষ্য নিয়েই খেলতে যাবে লিভারপুল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ চারটি ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া ‘অল রেডদের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের কোন বিকল্প নেই আজকের ম্যাচে। আর গোলের জন্য আজো নিশ্চয়ই লিভারপুল ম্যানেজার ব্রেন্ডন রজার্স তাকিয়ে থাকবেন তার গোলমেশিন লুইস সুয়ারেজের দিকে। গত চার ম্যাচে সাত গোল দেয়া উরুগুইয়ান সুয়ারেজই হবেন আজকের ম্যাচে স্বাগতিক সাউদাম্পটনের জন্য সবচে বড় হুমকি। লিবার্টি স্টেডিয়ামে মাইকেল লাউড্রপের দলের বিরুদ্ধে আজ মাঠে নামছে গানার্সরা। মাত্রই গত ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়া গানাররা পয়েন্ট টেবিলে আছে পাঁচে। পক্ষান্তরে প্রিমিয়ার লিগের এবারের আসরে বিস্ময় সৃষ্টি করা সোয়ানসির অবস্থান নয় নম্বরে। তবে নিজেদের মাঠে দারুণ রেকর্ডের অধিকারী সোয়ানসির বিরুদ্ধে আজকের ম্যাচটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করছেন গানার বস আর্সেন ওয়েঙ্গার। এখন শেষটা ভালো হলেই খুশি ওয়েঙ্গার! আজকের ম্যাচ এভারটন-ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলা-কিউপিআর। স্টোক সিটি-ওয়েস্ট ব্রমউইচ। সাউদাম্পটন-লিভারপুল। সোয়ানসি-আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেড-রিডিং