সফরকারীদের বিপক্ষে চিরকাল ‘স্পিনদুর্গ’ বানিয়ে বাজিমাত করে শ্রীলঙ্কা। গল টেস্টে সেই দুর্গ মোটেও কাজে লাগেনি। বাংলাদেশি ব্যাটসম্যানদের স্পিনের বিপক্ষে দারুণ প্রতিরোধে বিফলে গেছে স্পিন আক্রমণ দিয়ে সফল হওয়ার লঙ্কান স্বপ্ন। এবার তাই অন্য পথে ভাবছে শ্রীলঙ্কা। পেস সহায়ক কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পেস বোলিং দিয়ে বাংলাদেশকে ঘায়েল করতে চায় লঙ্কানরা।
নিজেদের মাটিতে গত ১৭টি টেস্টের মধ্যে শ্রীলংকা মাত্র দুটি টেস্টে দুইজনের কম স্পিনার নিয়ে খেলেছে। অর্থাত্ স্পিনারদের উপরই ভরসা ছিল তাদের বেশি। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন, প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে পেসারদের উপরই স্বাগতিকদের মূল লাইম লাইট থাকবে।
খোদ অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুস ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে বললেন, পেসারদের ওপর ভরসা একটু বাড়াতে চান তিনি, ‘টেস্ট ম্যাচ জিততে হলে আমাদের প্রয়োজন ২০ উইকেট। সেটা কিভাবে নিতে হবে তাই আমাদের মূল ভাবনার বিষয়। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় আমাদের পরিকল্পনা থাকে একরকম। তখন আমরা স্পিনারদের কাছ থেকে সহায়তা পেয়ে থাকি। কিন্তু বাংলাদেশ স্পিন অন্যদের তুলনায় অনেক ভালো খেলে। তাই আমাদের এখন ভিন্ন কিছু করতে হবে।’
গলের উইকেট থেকে বোলাররা কিছুই পায়নি। ব্যাটসম্যানদের কাছ থেকে এসেছে ১৬১৩ রান। তবে কলম্বোর উইকেট থেকে বোলাররা অনেককিছু পাবে বলে আশাবাদী ম্যাথুস। এই উইকেটে অনেক বেশি ঘাস রয়েছে, পেসারদের জন্য সহায়ক হবে বলে মনে করছেন তিনি। শ্রীলংকান অধিনায়ক বলেন, ‘প্রেমাদাসার উইকেট স্পোর্টিং হবে। বাংলাদেশের বিপক্ষে খেললে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই মাঠে নামতে হবে। হয়তো একজন পেসার বাড়তে পারে তবে এখন পর্যন্ত সেরা একাদশ ঠিক করেনি।’
একজন পেসার বাড়লেও দলে খুব বেশি পরিবর্তন আনবে না শ্রীলংকা টিম ম্যানেজমেন্ট। যারা রয়েছে তাদের দিয়েই নিজেদের ঘর গোছাতে চায় তারা। ম্যাথুস বলেন, ‘সমপ্রতি আমরা বোলিং বিভাগে খুব বেশি পরিবর্তন আনিনি। নুয়ান কুলাসেকারা, শামিন্দা এরাঙ্গা ও রঙ্গনা হেরাথ টেস্ট দলেই আছে। এখানে দলে তেমন কোন পরিবর্তন আনা হবে না। হেরাথ আমাদের এক নম্বর স্পিনার হিসাবে থাকবে। যদি তিন সিমার নেয়া হয়, সেক্ষেত্রে অজান্তা মেন্ডিস বাদ পড়তে পারে। আমরা একজন কম ব্যাটসম্যান দিয়ে খেলাতে পারবো না। কারণ, ব্যাটিং বিভাগে প্রত্যেকেই নিজেদের সেট করেছে। আমাদের প্রত্যাশা যারা পূরণ করেছে, সেসব তরুণকে দিয়ে চেষ্টা করবো। আমরা চারজন সেরা বোলারকে খেলাবো।’
বাংলাদেশের বিরুদ্ধে ড্র করার পর স্বাগতিকরা চাপে রয়েছে কিনা প্রসঙ্গে ম্যাথুস বললেন, ‘এখানে আসলে কোন চাপ নেই। প্রথম টেস্টে বাংলাদেশ আগের তুলনায় সত্যিকার অর্থে ভালো খেলেছে। তারা বিপজ্জনক দল, তাদেরকে অবহেলা করা ঠিক নয়।’
