‘বড় চ্যালেঞ্জ ধারাবাহিক থাকা’

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:৪০
এমনিতেই মুশফিকুর রহিম বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়কদের একজন হয়ে উঠছেন; অন্তত রেকর্ডের দিক থেকে। এখন তার সামনে সুযোগ ইতিহাস তৈরি করা অধিনায়ক হয়ে ওঠার। আজ থেকে শ্রীলংকার বিপক্ষে সেই ইতিহাস তৈরি করতেই দল নিয়ে মাঠে নামবেন বাংলাদেশ অধিনায়ক। এই ম্যাচ শুরুর আগে কাল অনুশীলনে কলম্বো টেস্ট নিয়ে নিজেদের লক্ষ, শক্তি, দুর্বলতার কথা বললেন অধিনায়ক মুশফিকুর রহিম— কলম্বো টেস্টের জন্য কেমন প্রস্তুত আপনারা? সবাই গল টেস্টের পারফরম্যান্সের জন্য এই টেস্টেও ভালো কিছু আশা করছে। এটা কী চাপ হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই খুব ভালোমতো প্রস্তুত। আমরা জানি, আমাদের লক্ষ্য পূরণ হতে এখনও অনেক বাকী। আমাদের সামনে সুযোগ আছে সিরিজ ড্র করার বা জেতারও। এই মুহূর্তে আমরা সেটা নিয়ে ভাবছি না। এখন আমাদের পাঁচদিন ধরে নিজেদের সেরা পারফরম্যান্সটা করে যেতে হবে। আমাদের কাজটা ঠিকমতো করতে হবে। আর এই চাপ থাকাও ভালো। চাপ থাকলে অনেক বড় বড় ক্রিকেটারও বেশি ভালো খেলে। আমাদের অনেক ক্রিকেটার আছে যারা চাপে ভালো খেলে। মূল চ্যালেঞ্জ কী এই প্রত্যাশার চাপটা সামলানো? আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ধারাবাহিকতা ধরে রাখা। আমরা একটা ম্যাচ ভালো খেললে আরেকটা ভালো খেলতে পারি না। সেটা এবার হতে দেয়া যাবে না, সেই সঙ্গে আরেকটা চ্যালেঞ্জ হবে তিন পেসার সামলানো। ওরা সম্ভবত তিন পেসার খেলাবে। ওদের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যারা রান করছে; দিলশান, সাঙ্গাকারা এদের নিয়ে আমাদের প্ল্যান আছে। বলা হচ্ছে, উইকেট পেস সহায়ক হবে। আপনার কী মনে হচ্ছে? উইকেটে এখনও কিছু ঘাস আছে। এটা থাকলে সীমাররা উইকেট থেকে সহযোগিতা পাবে। কিন্তু পুরো পাঁচদিন তো এইরকম থাকবে না। প্রথম দুইদিন হয়ত সেই সুবিধা পাওয়া যাবে। এখানে নতুন বলে ব্যাটিং করাটা খুব কঠিন হবে। তামিম তো ফিরছেন। একাদশে আর কী কী পরিবর্তন হচ্ছে? একাদশে কয়েকটি পরিবর্তন হবে। তামিম ফিট এবং সে খেলার জন্য প্রস্তুত। রুবেলও ফিট। ও দলে খেলবে। এখন পর্যন্ত সবাই ফিট। সকালে উঠে যদি কারো কিছু না হয়, আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবাই ফিট এবং ১৬ জনই একাদশে নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা উইকেট আরেকবার দেখব। তারপর অনুশীলন শেষে হয়তো একাদশ নিয়ে ফাইনালে আলোচনা শুরু করব। তামিমের ফেরাটা কতোটা গুরুত্বপূর্ণ? তামিম যেভাবে গত ৫-৬ বছর ধরে সার্ভিস দিচ্ছে; তাতে ওর ওপর আমরা ভরসা করতেই পারি। এই টেস্টটা যেহেতু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং যেহেতু ও ব্যাটিং ভাল করে; ফলে ওর ফেরাটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি ব্যক্তিগতভাবে সে ভালো করবে। এবং আমরা দল হিসেবে সেটার সুফল পাবো। এই একটু পেস সহায়ক উইকেটে খেলার চ্যালেঞ্জটা কিভাবে নিচ্ছেন? দীর্ঘ সময় পর টেস্ট খেলতে যাচ্ছি প্রেমাদাসায়। আমাদের জন্য নতুন অভিজ্ঞতা হবে। উইকেট পেস সহায়কই হবে; সেটা বাড়তি চ্যালেঞ্জের। আমাদের তিন সিমার নিয়ে খেলার বেশি অভিজ্ঞতা নেই। সেদিকটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। এতোকিছুর পরও সাঙ্গাকারাকে আটকানো যাচ্ছে না। ওকে নিয়ে বিশেষ পরিকল্পনাটা কী? শুধু আমাদের বিপক্ষে কেন? সাঙ্গাকারা সবসময়ই ভালো খেলে; ওর বড় দলগুলোর বিপক্ষেও রেকর্ড দেখুন না। আমাদের সঙ্গেও ভালো খেলেছে। তবে আমরা ওকে সুযোগ দিয়েছি। আশা করব এবার এরকম সুযোগ পেলে যেন না হারাই। বোলিং নিয়ে কী একটু বাড়তি দুশ্চিন্তা কাজ করছে? সত্যি বলতে ব্যাটসম্যানদের থেকে বোলাররা অনেকটাই অনভিজ্ঞ। তবে এই টেস্টে অভিজ্ঞ দু একজন বোলার থাকবে। আশাকরি অন্যরকম কিছু হবে। কলম্বো টেস্টে আপনাদের লক্ষ্যটা কী? আমরা যেন ধারাবাহিকতা ধরে রাখতে পারি। ফল শেষ পর্যন্ত কী হল; সেটা বড় লক্ষ্য নয়। আমরা নিজেদের সেরাটা খেলতে চাই। আমরা যদি ধারাবাহিকভাবে নিজেদের সেরা ক্রিকেটটা পাঁচ দিনের প্রতিটি সেশনে খেলতে পারি, ফল আমাদের পক্ষে আসবেই।