শিলিংফোর্ডের সৌজন্যে সহজ জয় উইন্ডিজের

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:৪২
মাত্র নয় টেস্ট খেলা শেন শিলিংফোর্ডের ধ্বংসযজ্ঞে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন দিনের মধ্যেই ৯ উইকেটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন শেষ বিকেলে দু’ ওভারে ২ উইকেট শিকারের পর অফ স্পিনার শিলিংফোর্ড তৃতীয় দিন আরো ৪ উইকেট শিকার করলে ইনিংসে ৪৯ রানে মোট ৬ উইকেট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্ন বিরতির আগেই মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। পুরো ম্যাচে ১০৭ রানে ৯ উইকেট দখল করেন শিলিংফোর্ড। এরপর জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে ক্যারিবীয়রা। অভিষেক হওয়া পেসার টেন্ডাই চাতারার বলে ওপেনার কাইরন পাওয়েল সাজ ঘরে ফিরে যাওয়ার পর ক্রিস গেইল জয়সূচক রানটি নিয়ে দলের ৯ উইকেটে জয় নিশ্চিত করেন। গত জুলাই-আগস্টে নিউজিল্যান্ড এবং গত নভেম্বরে বাংলাদেশ উভয়ের বিরুদ্ধে ২-০ ম্যাচে সিরিজ জয়ের পর এ ম্যাচেও জয়ী হয়ে একনাগারে ৫ টেস্টে জয়লাভের কৃতি গড়ল ক্যারিবীয়রা। ১৯৮৮ গ্রেন্ট ভিভ রিচার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দলের পর ড্যারেন সামির নেতৃত্বে নতুন এ রেকর্ড গড়ল দেশটি।এখনো জিম্বাবুয়ের বিরুদ্ধে চলতি সিরিজে আরো এক ম্যাচ বাকী আছে। আর সে ম্যাচেও স্পষ্ট ফেভারিট হিসেবেই নামবে স্বাগতিকরা। তাই এক নাগাড়ে ছয় টেস্টে জয়ী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে দলটির জন্য।-বাসস