জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে গতকাল জুমার নামাজের সময় সর্বস্তরের মানুষ অসুস্থ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়েছে।
গত সোমবার সকাল থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাষ্ট্রপতি জিল্লুর রহমানের (৮৫) চিকিত্সা চলছে।
ঢাকা ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিত্সকদের পরামর্শে উন্নত চিকিত্সার জন্য রবিবার রাতে এয়ার এ্যাম্বুলেন্সে রাষ্ট্রপতিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার বঙ্গভবনের এক বার্তায় বলা হয়, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তির পর থেকে রাষ্ট্রপতির স্বাস্থ্যের ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। সিঙ্গাপুর থেকে পাঠানো বার্তার উদ্ধৃতি দিয়ে বঙ্গভবন জানায়, রাষ্ট্রপতির হূদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে এবং তাঁর ফুসফুসে সংক্রমণের চিকিত্সায় অগ্রগতি হচ্ছে। ডায়ালাইসিসের পরে তার কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে।
