নরসিংদীতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২১:৩২
বড় ভাই আবুল কালামের ছুরিকাঘাতে ছোট ভাই খায়রুল গতকাল শুক্রবার সকালে খুন হয়েছেন। পলাশ উপজেলা ঘোড়াশালের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম তার ছোট ভাই মাদকসেবী খায়রুলকে (২৫) সর্বনাশা মাদক সেবন থেকে বিরত থাকার চেষ্টা করেও ব্যর্থ হন। খায়রুল নেশাগ্রস্ত অবস্থায় গতকাল বড় ভাই আবুল কালামকে অপমান করার একপর্যায়ে তিনি পর পর দুইবার খায়রুলকে ছুরিকাঘাত করেন। এতে খায়রুল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বড় ভাই আবুল কালাম পলাতক রয়েছেন।