সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল (নীল প্যানেল) নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৪টি পদের মধ্যে এই প্যানেল সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে বিজয়ী হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের ভরাডুবি হয়েছে। এই প্যানেল শুধুমাত্র একটি সদস্যপদ পেয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এজে মোহাম্মদ আলী সভাপতি ও ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন এমপি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। ফল ঘোষণার পর বিজয়ী সভাপতি এজে মোহাম্মদ আলী আইনজীবীদের উদ্দেশে বলেন: বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবীরা এ রায় দিয়েছেন। আইনজীবীদের যে কোনো আন্দোলন, সংগ্রামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অগ্রণী ভূমিকা পালন করবে। নবনির্বাচিত সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন:সরকারের গণহত্যার বিরুদ্ধে আইনজীবীদের এই রায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলনে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে বিজয়ী এজে মোহাম্মদ আলী পেয়েছেন ১৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) এডভোকেট আব্দুল বাসেত মজুমদার পেয়েছেন ১৩৪০ ভোট। এছাড়া সভাপতি পদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা পেয়েছেন ১০২ ভোট ও এডভোকেট ইউনুস আলী আকন্দ পেয়েছেন ২৯ ভোট।
সম্পাদক পদে ব্যারিস্টার খোকন ১৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের রবিউল আলম বুদু পেয়েছেন ১৩৬৯ ভোট। এছাড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এডভোকেট দেওয়ান আবদুন নাসের পেয়েছেন ৭১ ভোট ও এডভোকেট মো. নজরুল ইসলাম পেয়েছেন ৩৪ ভোট।
সহ-সভাপতি দুইটি পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের এবিএম ওয়ালিউর রহমান খান (১৭৩৫ ভোট) ও মো. শাহজাদা (১৬৪৫ ভোট), কোষাধ্যক্ষ পদে একই প্যানেলের মো. রবিউল করিম (১৫৫২ ভোট), সহ-সম্পাদকের দুইটি পদে জাতীয়তাবাদী প্যানেলের এবিএম রফিকুল হক তালুকদার রাজা (১৪৫৮ ভোট) ও মোহাম্মদ সাইফুর রহমান (১৩৮৯ ভোট) বিজয়ী হয়েছেন। এছাড়া সমিতির ৭টি সদস্যপদের মধ্যে জাতীয়তাবাদী প্যানেল থেকে আঞ্জুমান আরা বেগম মুন্নী (১৯৩৭ ভোট), ফাতেমা খাতুন (১৮৯৮ ভোট), মো. ওয়াহিদুজ্জামান সোহেল (১৬৬৯ ভোট), এম মিজানুর রহমান মাসুম (১৬৫৯ ভোট), মো. কামরুজ্জামান সেলিম (১৫০৮ ভোট) ও মো. আলমগীর হোসেন (১৪৯৫ ভোট) জয়লাভ করেছেন। আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ থেকে একমাত্র প্রার্থী হোসনে আরা বেগম বাবলী (১৬৫৯ ভোট) সদস্যপদে বিজয়ী হয়েছেন। মূলত অভ্যন্তরীণ কোন্দলের কারণেই সরকার সমর্থক প্যানেলের এই চরম ভরাডুবি হয়েছে বলে আইনজীবীরা মনে করছেন।
গত বৃহস্পতিবার রাত সোয়া ২টায় নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো. নূর হোসেন চৌধুরী ও সমন্বয়কারী আমিনুল হক হেলাল ফল ঘোষণা করেন। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার উত্সবমুখর পরিবেশে সমিতির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে এবারের ভোটার ছিলেন ৪ হাজার ৪৫ জন। দুইদিনের নির্বাচনে ভোট পড়ে ৩ হাজার ২০৩টি। এর আগে সমিতির বিদায়ী সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন বলেন, এ ফল প্রমাণ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় নির্বাচনের ফলাফলও এমন হবে।
