মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে গত বুধবার নাসাকার হাতে আটক ৩ পুলিশসহ ৪ বাংলাদেশীকে এখনও ফেরত দেয়নি নাসাকা। এবিষয়ে গতকাল শুক্রবার ও বৃহস্পতিবার পর পর ২ দিন বিজিবি পতাকা বৈঠকের আমন্ত্রণ জানালেও নাসাকা সাড়া দেয়নি। পরে বিজিবির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতের প্রস্তাব করা হলে নাসাকা সাড়া দেয়। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে ১৭ বিজিবির একটি প্রতিনিধি দল অধিনায়ক ও ঘুমধুম বিওপির কমান্ডারসহ সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ঢেঁকিবুনিয়া ক্যাম্পে যান। সেখানে নাসাকার ক্যাম্প কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের সাথে সৌজন্য বৈঠক শেষে সন্ধ্যায় দেশে ফিরে আসেন তারা। তবে এ আলোচনায় আনুষ্ঠানিক পতাকা বৈঠকের কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
মিয়ানমারে বৈঠক শেষে বাংলাদেশে ফিরে কক্সবাজারস্থ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, মিয়ানমারে অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশীদের ফিরিয়ে দেয়ার ব্যাপারে প্রক্রিয়া চলছে বলে নাসাকা তাদের জানিয়েছে। এছাড়া আটক বাংলাদেশীদের খাবার-দাবারও ঠিকমত দেয়া হচ্ছে এবং তারা সুস্থ আছে বলেও তারা জানিয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ-মিয়ানমার চীন মৈত্রী সংযোগ সড়কের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম সীমান্তের নো-মেন্স ল্যান্ড থেকে অস্ত্রের মুখে নাসাকা তিন পুলিশ সদস্যসহ ৪ বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যায়।এরা হলেন- বান্দরবানের পুলিশ ফাঁড়ির সদস্য ইমরান হোসেন, ইরফান সরকার, কুতুপালং নিরাপত্তা ক্যাম্পের সদস্য মুজিবর রহমান এবং স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম।
