কলম্বোতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে আজ ‘উজ্জীবিত’ বাংলাদেশ

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২১:৫১
শ্রীলঙ্কা সফর শুরুর আগে বাংলাদেশের লক্ষ্য ছিল দুইটি টেস্টেই ম্যাচ পঞ্চম দিনে টেনে নিয়ে যাওয়া। অর্থাত্ সম্মান বাঁচানো। কিন্তু গলে অনুষ্ঠিত টেস্টে টাইগারদের ‘ঐতিহাসিক’ ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্স আগের লক্ষ্য বদলে দিয়েছে। এখন দারুণ উজ্জীবিত বাংলাদেশ দল। সিরিজ জয় অথবা ড্র’র স্বপ্ন নিয়েই আজ থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মুশফিকুর রহিমের দল। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে এই টেস্ট। টেস্টে বাংলাদেশের জন্য বড় সুখবর হয়ে দলে ফিরছেন তারকা ওপেনার তামিম ইকবাল। তাকে জায়গা দিতে বাদ পড়বেন এনামুল হক বিজয়। এ ছাড়া দলের বোলিং আক্রমণে বেশ কিছু পরিবর্তন আসবে। এই টেস্টে বাংলাদেশের তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা আছে। কলম্বোর এই মাঠটির উইকেটে গতকাল পর্যন্ত ঘাস ছিল। ফলে পেস বোলিং সহায়ক উইকেটে বাংলাদেশকে অন্য ধরনের পরীক্ষা দিতে হতে পারে। এই টেস্টে আগেরটার মতো রান উত্সব করা সম্ভব নাও হতে পারে। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুস বলেই দিয়েছেন, তারা পেস দিয়ে ঘায়েল করতে চান বাংলাদেশকে। ম্যাথুসের এই স্বপ্নের বিপরীতে বাংলাদেশও স্বপ্ন দেখছে। বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলছেন, তাদের ওপর বাড়তি চাপ তৈরি হবে, এটা তারা জানেন। তারা জানেন যে, শ্রীলঙ্কা নিজেদের মান বাঁচানোর জন্য হলেও সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তারপরও এই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুত বলেই মনে করছেন অধিনায়ক। দুই দলের জন্যই চ্যালেঞ্জ হতে পারে ম্যাচটা। এখন দেখার পালা, চ্যালেঞ্জটা কোন দল সফলভাবে পার হতে পারে!