সিলেটে আলেম সমাজ ব্লগারদের কঠোর শাস্তি চাইলেন

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২১:৫১
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত হক্কানী আলেমদের প্রশংসা করে বলেছেন, তারাই ইসলামের খেদমতে সত্যিকারের কাজ করে যাচ্ছেন। তিনি হক্কানী আলেমদের দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেও জানান। তিনি বলেন, কেবল দাড়ি-টুপি রাখলেই কেউ জামায়াত হয়ে যায় না। শুক্রবার সকালে সিলেটে আলেম সমাজের সাথে বৈঠককালে মন্ত্রী এসব কথা বলেন। আলেমরা তাদের বক্তব্যে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আলেমরা মহানবী (স:) ও ইসলাম ধর্ম নিয়ে কেউ যাতে কটাক্ষ না করতে পারে, ধর্মপ্রাণ মানুষের মনে আর আঘাত দিতে না পারে এবং এ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের নিকট দাবি জানান। তারা বলেন, এদেশের জনগণ ইমরান এইচ সরকারকে ভোট দেয়নি, ভোট দিয়েছে শেখ হাসিনাকে। সিলেট সার্কিট হাউসে আয়োজিত এ বৈঠকে হক্কানী আলেমদের মধ্যে আল্লামা আব্দুল বাছিত বরকতপুরী, শফিকুল হক আমকুনী, আব্দুল হান্নান তপাদার, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা রেজাউল করিম জালালী ও মাওলানা শাহ মমশাদ আহমদ প্রমুখ। বক্তব্য রাখেন সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, শফিকুর রহমান চৌধুরী এমপি ও আসাদউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাবেক ছাত্রলীগ নেতা জগেজ্যাতি তালুকদার হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা ছাত্রলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। দেশের অর্থনীতি পণ্ড করার ষড়যন্ত্র চলছে। যারা যুদ্ধাপরাধীদের মদদ দিচ্ছে তাদের সাথে কোন আলোচনা নয়। জগেজ্যাতি তালুকদার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি অরুণ দেবনাথ সাগর ও ছাত্রলীগ নেতা জুয়েলের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত অশুভ শক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এদেরকে কোন ভাবেই ছাড় দেয়া যায় না। সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির আহ্বান জানান।