মেয়র হানিফ ফ্লাইওভার পরিদর্শনে মজীনা

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২১:৫৪
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল শুক্রবার মেয়র মোহাম্মদ হানিফ (যাত্রাবাড়ী-গুলিস্তান) ফ্লাইওভার প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্পের কাজে যুক্তরাষ্ট্রের উন্নতমানের সরঞ্জামের ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাকে আরও অবহিত করেন যে, এই প্রকল্পের নির্মাণ কাজে যুক্তরাষ্ট্রে অনুমোদিত আন্তর্জাতিক ‘আসতো’ নীতিমালা অনুসরণ করা হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম ও অন্য কর্মকর্তাবৃন্দ প্রকল্প পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে বিওওটি পদ্ধতিতে নির্মাণাধীন এ ফ্লাইওভার সম্পন্ন হলে তা দেশের অবকাঠামো খাতে উন্নয়নের এক নতুন দুয়ার উন্মোচিত করবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেসরকারি বিনিয়োগকে উত্সাহিত করার অন্যতম পদক্ষেপ হিসাবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার প্রকল্পটির বাস্তবায়নের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করার উদ্যোগ নেয়।