বাঁশখালীতে অফিস মন্দিরে হামলাকারীরা পার পাবে না :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২১:৫৫
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, ধর্মের নামে যারা সন্ত্রাস সৃষ্টি করে, যারা সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দিরে আগুন দেয় তারা প্রকৃত মুসলমান হতে পারে না। তারা দেশ, জাতি ও মানবতার শত্রু। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবির বাঁশখালীতে অফিস-আদালত, সংখ্যা-লঘুদের বসতবাড়ি এবং মন্দিরে আগুন দিয়ে রাষ্ট্রের গায়ে কালিমা লেপন করেছে। তাই তারা পার পাবে না। যে দলের বা যত বড় ক্ষমতাধরই হোক, তাদের অবশ্যই খুেঁজ বের করা হবে। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের বসতবাড়ি, মন্দির এবং উপজেলা পরিষদ কমপ্লেক্স ও আদালত ভবন পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে, ধর্মের নামে যারা অপপ্রচার চালায় তারা প্রকৃত ইসলাম চায় না। তাদেরও বিচারের আওতায় আনা হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা মঈনুদ্দীন খান বাদল এমপি, চট্টগ্রাম-১০ আসনের এমপি এমএ লতিফ, বাঁশখালীর দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য বেগম ফরিদা রহমান, মহিলা সংসদ সদস্য হাছিনা মান্নান, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, র্যাবের ডিজি মোখলেসুর রহমান প্রমুখ। এর আগে বেলা ১২টায় মন্ত্রী হেলিকপ্টারযোগে বাঁশখালী জলদী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখানে সংখ্যালঘুদের বসতবাড়ি এবং ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন। পরে উপজেলা সদর জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মতবিনিময় সভায় মিলিত হন।