যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেও জামায়াতে ইসলামীর লোক রয়েছে

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২১:৫৬
ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা ও ট্রাইব্যুনালের নিচ্ছিদ্র নিরাপত্তার দাবি জানিয়ে বলেছেন, প্রশাসনের সবখানেই জামায়াতের লোক রয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেও জামায়াতের লোক রয়েছে। সেখান থেকে গোপন ফাইল পাচার হয়ে যাচ্ছে। ট্রাইব্যুনাল এখনো খুঁড়িয়ে চলছে। ২০১৪ সালে মহাজোট ক্ষমতায় যেতে না পারলে খালেদা জিয়া আবার ক্ষমতায় এসে এই ট্রাইব্যুনালেই যুদ্ধাপরাধীর বিচারের নামে মুক্তিযোদ্ধাদের বিচার ও খালেদা জিয়ার সম্প্রতি ঘোষিত গণহত্যা বিচার করবে। জামায়াতকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে তথা সর্বক্ষেত্রে বয়কটের আহ্বান জানিয়ে শাহরিয়ার কবির বলেন, সংবিধানের ৩৮ ধারা অনুযায়ী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে ও প্রচলিত আইনেও জামায়াত-শিবির নিষিদ্ধ করা সম্ভব। গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কমিটির জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, আমীর আহম্মেদ চৌধুরী রতন প্রমুখ।