ত্বকী হত্যায় শামীম ওসমান ও তার ভাইয়েরা দায়ী

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২১:৫৭
নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান ও তার দুই ভাইয়ের সংশ্লিষ্টতাতেই মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও নিহতের বাবা রফিউর রাব্বি। ত্বকী হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে ৫ দিনের টানা কর্মসূচির শেষ দিন গতকাল শুক্রবার বিকালে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে তানভীর মোহাম্মদ ত্বকীর হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারের দাবিতে নাগরিক সমাজের ব্যানারে গণজমায়েতে আইভী ও রাব্বি এসব কথা বলেন। ত্বকীর হত্যার জন্য শামীম ওসমানকে দায়ী করে আইভী আরও বলেন, রফিউর রাব্বি ২০১১ সালে আমার নির্বাচন করার কারণেই আপনি রফিউর রাব্বির ছেলে ত্বকীকে খুন করেছেন। আমি ব্যক্তিগত ভাবে জানি আপনি একটা কাপুরুষ। সাহস থাকলে আপনি আমাকে মারুন। তিনি শামীম ওসমানকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনি রফিউর রাব্বির মাত্র দশ গজ দূরে ট্রাকের উপর থেকে বক্তব্য দিয়েছেন ত্বকীকে আপনি খুন করেননি। আপনি জানেন ত্বকীকে কে খুন করেছে। আর আপনি যদি জেনে থাকেন কে ত্বকীকে হত্যা করেছে তাহলে তাকে ধরে এনে জনতার সামনে হাজির করুন। তাহলে আমরা আপনার সাথে রাজনীতি করবো। নাইলে আপনাকে বর্জন করবো।