ছবি আঁকার জন্য কত শিল্পীই তো কত ধরনের মাধ্যম ব্যবহার করেন। তবে সাম্প্রতিক সময়ে বাদামের খোসার উপর খ্যাতনামা বিভিন্ন ব্যক্তির মুখাবয়ব ফুটিয়ে তুলে যে শিল্পী নিজেই রীতিমতো খ্যাতিমান হয়ে উঠেছেন তিনি হলেন স্টিভ ক্যাসিনো। নিজের অদ্ভুত এবং সূক্ষাতিসূক্ষ্ম এই শিল্পকর্মের জন্য বাদামের খোসা ছাড়াও স্টিভ ব্যক্তির হাত, পা বা পোশাক তৈরির জন্য ব্যবহার করেন কাঠ, বাঁশ বা ফোমের মত ছোট ছোট নানা উপকরণ। আর এভাবে বাদামের খোসায় একেকজন তারকার মুখাবয়ব ফুটিয়ে তুলতে স্টিভের সময় লাগে কমবেশি দশ ঘণ্টার মতো। স্টিভ জানিয়েছেন, সূক্ষ্ম কোনো কাজে তিনি সে অর্থে কখনোই দক্ষ ছিলেন না। তবে বাদামের উপর মুখাবয়ব তৈরির কাজটি যে কেন তিনি পারেন সেটা তার নিজেরও জানা নেই। মাংকি নাট নামে পরিচিত একধরনের বাদামের উপর স্টিভের এই শিল্পসৃষ্টির প্রচেষ্টাটি শুরু হয় সঠিক বাদামের খোঁজ করার মধ্য দিয়ে। যার বা যাদের মুখাবয়ব তৈরি করবেন তার সাথে মানানসই বাদাম খুঁজে পেলে প্রথমেই ভেতরের বাদামগুলো বের করে নিয়ে খোসাটিকে পুনরায় আঠা দিয়ে জোড়া লাগিয়ে ফেলেন স্টিভ। তারপর বাদামের একপাশের খোসাটিকে মসৃণ করে নিয়ে শুরু হয় রং-তুলির কাজ। ধীরে ধীরে সূক্ষ ব্রাশ আর এক্রিলিক পেইন্ট ব্যবহার করে ফুটিয়ে তোলা হতে থাকে তারকা ব্যক্তিদের মুখাবয়ব। এ সময় অনেকটা এক নিঃশ্বাসে কাজ করতে থাকা স্টিভ তার মনোযোগের বিঘ্ন ঘটাতে পারে বলে চা-কফি পর্যন্ত পান করেন না। অবশেষে মনের মতো মুখাবয়ব তৈরি করা হয়ে গেলে স্টিভ হাত দেন শরীরের অন্যান্য অংশ আর প্রপস যোগ করার কাজে। একে একে বাঁশ, কাঠ বা ফোম দিয়ে তৈরি করেন হাত, পা, পোশাক বা অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গ। আর এভাবে মিনিয়েচারগুলো তৈরি হয়ে গেলে তা স্টিভ বিক্রি করেন ২০০ থেকে ৩০০ পাউন্ড দামে। এদিকে এখন অবদি স্টিভের বানানো যে মিনিয়েচারগুলো আলোচিত হয়েছে তার মধ্যে রয়েছে ড. হু খ্যাত তারকা ম্যাট স্মিথ, সংগীত তারকা এলটন জন, দ্য র্যামনস্, জনি এন্ড জুন ক্যাশ, শন কনারি, আলফ্রেড হিচকক প্রমুখ খ্যাতনামা ব্যক্তি ও তারকাদের প্রতিকৃতি।
