বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ কর্তৃক আয়োজিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পুতুল নাট্যদলের সমন্বয়ে আগামীকাল থেকে ২১ মার্চ পর্যন্ত শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ৪ দিনব্যাপী ঐতিহ্যবাহী পুতুলনাট্যোত্সব এবং আগামী ২১ মার্চ সারা বিশ্বের সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমীও প্রথমবারের মতো বিশ্ব পুতুলনাট্য দিবস উদ্যাপন করবে। আগামীকাল বিকেল ৫টা ৩০ মিনিটে একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ দিনব্যাপী ঐতিহ্যবাহী পুতুলনাট্যোত্সব উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার এবং একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদ। আগামীকাল থেকে ২১ মার্চ পর্যন্ত ঐতিহ্যবাহী পুতুলনাট্য উত্সব ও বিশ্ব পুতুলনাট্য দিবস আয়োজন উপলক্ষে দেশের ৩ জন গুণী পুতুলনাট্যশিল্পীকে সম্মাননা প্রদান করা হবে।
