বাংলাদেশে বিকল্প জ্বালানির প্রচুর চাহিদা রয়েছে। এ খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানালো ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল ডিসিসিআই ও বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের এনার্জি ট্রান্সফরমেশন বিষয়ক উপ-সহকারী সেক্রেটারি ড. রবার্ট ইকর্ড প্রতিনিধিদলের সাথে সাক্ষাত্কালে এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি মো. সবুর খান বলেন, বাংলাদেশে জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ নিশ্চিত করার জন্য “সাসটেইনএ্যাবল এনার্জি ফর অল ইনিশিয়েটিভ” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সারা বিশ্বে ব্যবহূত মোট জ্বালানির ১৬% আসে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে এবং বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ড. রবার্ট ইকর্ড বলেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর আওতায় বাংলাদেশ সরকারের বিদ্যমান পলিসি ফ্রেমওয়ার্ক যুগোপযোগী করা এবং বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরির প্রস্তাব করেন। তিনি জানান, জ্বালানি খাতে বিনিয়োগের জন্য “ব্যাংক অফ আমেরিকা” ৫০ বিলিয়ন ডলারের একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং “ব্যাংক অফ আমেরিকা” বাংলাদেশে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। তিনি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে আরো বেশি মনোযোগী হওয়ার আহবান জানান। ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি নেসার মাকসুদ খান, সহ-সভাপতি আবসার করিম চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
