যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ উত্তর কোরিয়ার

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৫
কোরিয়া উপদ্বীপে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ করেছে উত্তর কোরিয়া। কেসিএনএ বার্তা সংস্থা বলেছে, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলতে থাকার মধ্যে ঘন ঘন এবং ক্রমাগত সাইবার হামলা চলছে। এ সপ্তাহে সাইবার হামলায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ওয়েবসাইটের জন্য শুক্রবার যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে দোষারোপ করেছে উত্তর কোরিয়া। তবে বিশেষজ্ঞরা বলছেন, আসলেই কি হয়েছে তা সুনির্দিষ্ট করে জানতে কয়েক মাস লাগবে এবং মূলত চীন থেকেই হ্যাকিংয়ের ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু উত্তর কোরিয়ার সরকারি কেসিএনএ বার্তা সংস্থা ওয়েবসাইট হ্যাকিংয়ের জন্য যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে দোষারোপ করে বলেছে, তারা ঘন ঘন ভাইরাস হামলা চালিয়ে পিয়ংইয়ং এর সাইবারসিস্টেমের বিরুদ্ধে আরো বেশি আগ্রাসী অবস্থান নিচ্ছে। এ সাইবার হামলাকে ‘কাপুরুষোচিত এবং ন্যাক্কারজনক কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া।