হাতের স্পর্শে হেডফোন
হ্যামাচার শ্লেমার বাজারে এনেছে একজোড়া ব্লুটুথ হেডফোন। যা নিয়ন্ত্রণ করা যাবে হাতের স্পর্শেই। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, তার ছাড়াই বিভিন্ন স্মার্টফোন, ট্যাবলেট বা ব্লুটুথের ব্যবস্থা আছে, এমন মিউজিক প্লেয়ারে এটি ব্যবহার করা যাবে। হেডফোনটির উপর-নিচ বরাবর স্পর্শ করে এর ভলিউম বাড়ানো বা কমানো যাবে। আবার ডানে বাঁয়ে স্পর্শ করলে এক গান থেকে অন্য গানে চলে যাবে। কথা বলার জন্য এর সঙ্গে একটি মাইক্রোফোনও যুক্ত আছে। এক ঘণ্টা চার্জে যন্ত্রটির ব্যাটারি ১০ ঘণ্টা সচল থাকবে। এটির মূল্য হচ্ছে ১৫০ মার্কিন ডলার।—বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম
এইডস ভাল হয়
এইচআইভি সংক্রমণের প্রাথমিক পর্যায়ে আগাম চিকিত্সা শুরু করলে এ ভাইরাস আক্রান্ত ১০ জনের একজনকে সুস্থ করে তোলা সম্ভব। ফ্রান্সের গবেষকরা একথা বলেছেন। গবেষকরা ১৪ জনের ওপর পরীক্ষা চালিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। থেরাপি নেয়া শেষ করা এসব ব্যক্তির শরীরে এইচআইভি ভাইরাসের আর কোনো উপসর্গ দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে একটি শিশুকে এইচআইভি সংক্রমণের আগাম চিকিত্সা দিয়ে এইডস মুক্ত করার খবরের পরই এ নতুন খবর শোনালেন বিশেষজ্ঞরা। প্যারিসে এক চিকিত্সক জানান, ভাইরাস আক্রান্ত হওয়ার পরপরই চিকিত্সা নিলে ৫ থেকে ১৫ শতাংশ রোগী কার্যত সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।— বিবিসি
মঙ্গলে বন্যা
২০০৬ সাল থেকে মঙ্গলগ্রহ প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহ ‘মার্স রিকনিসন্স অরবিটার’ (এমআরও) সমপ্রতি মঙ্গলে বন্যার প্রমাণ পেয়েছে। গিজম্যাগ জানায়, সমপ্রতি মঙ্গলের ভূগর্ভ ত্রিমাত্রিকভাবে স্ক্যান করে সেখানে একটি বড় ভূগর্ভস্থ নদীপথের অস্তিত্ব ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, এই বন্যা মঙ্গলের জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে।
