পল্লী বিদ্যুত্ সরবরাহ বন্ধ

শিবগঞ্জে রাইস মিলের ৬ হাজার শ্রমিক কর্মহীন

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৫৭
জেলায় পল্লী বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় প্রায় ২ হাজার রাইস মিল অচল হয়ে পড়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে মিলের ৬ হাজার শ্রমিক। গত ১৬ দিন যাবত্ শ্রমিকেরা তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে বলে খবর পাওয়া গেছে। সূত্র মতে শিবগঞ্জে বিভিন্ন ইউনিয়নে পল্লী বিদ্যুতের অধীনে প্রায় দুই হাজার রাইস মিল গ্রাহক রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের ফলে পল্লী বিদ্যুত্ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। করে। ঐদিন থেকে বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় মিলগুলোও বন্ধ হয়ে যায়। ফলে মিলের ৬ হাজার শ্রমিকের আয়ের পথ বন্ধ হয়ে তাদের পরিবারের প্রায় ৩০ হাজার সদস্যের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সুযোগ বুঝে একশ্রেণির অসাধু মিল মালিক শ্যালো মেশিনের সাহায্যে ধান ভেঙ্গে মণ প্রতি ১০ টাকার পরিবর্তে ২০ টাকা করে আদায় করছে। রাইস মিল শ্রমিক মোস্তফা ইত্তেফাককে জানান, হাদিনগর গ্রামের ধুলা খলিফার রাইস মিলে ৫ হাজার টাকা বেতনে কাজ করে পরিবারের ভরণপোষন চালিয়ে এসেছি। মিল বন্ধ থাকায় গত ১৬ দিন যাবত অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছি।