শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বাঁকাকুড়া উত্তরপাড়া গ্রামের কুমোদ মারাকের বাড়ির বাঁশ ঝাড়ের মাটি খুঁড়ে তিনটি শক্তিশালী তাজা গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পুলিশ শুক্রবার বিকালে এ গ্রেনেডগুলো উদ্ধার করে ঝিনাইগাতী থানায় এনে রাখে।
শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার বিকালে বাঁকাকুড়া উত্তরপাড়া গ্রামের কুমোদ মারাকের বাড়ির বাঁশ ঝাড়ের মাটি খুঁড়ে পলিকন ওয়াটার ট্যাংকের ওপরে রাখা তিনটি তাজা গ্রেনেড উদ্ধার করে জব্দ করে। গ্রেনেডগুলো প্লাষ্টিকের শক্ত কভার দিয়ে মোড়ানো ছিল। উদ্ধারকৃত গ্রেনেডগুলোর গায়ে এমপি আইডি-১৩, এমপিআইডি-১৮ এবং ৯০-০২৪ লেখা রয়েছে। অভিযান পরিচালনার সময় কুমোদ মারাক এবং তার পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি জিডি করা হয়েছে।
