রিয়েলিটি শো আর নিজের মঞ্চের ব্যস্ততার কারণে সলো অ্যালবাম গোছাতে পারেননি কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। অবশেষে আগামী এপ্রিলেই ফাহমিদা নবী তার নতুন সলো অ্যালবামের কাজ গোছাচ্ছেন। সলো অ্যালবামের নাম রেখেছেন ‘আমি পাল্টে যাইনি’। নিজের গাওয়া, কিছু নিজের সুর করা কয়েক বছর ধরে লালিত গানগুলো নিয়ে তৈরি করছেন তার নতুন সলো অ্যালবাম। এ প্রসঙ্গে ফাহমিদা নবী ইত্তেফাককে বলেন, ‘আসলেই তো আমি পাল্টে যাইনি। অথচ কতজনকেই তো বদলে যেতে দেখলাম। তাই নিজের পছন্দের কিছু কথা আর সুর সমন্বিত করেই এবারের সলো অ্যালবামটি করছি। আশা করছি অ্যালবামটি দিয়ে আবারো আমার দর্শকদের হূদয় ছুঁতে পারবো’। নিজের সলো অ্যালবামের পাশাপাশি ফাহমিদা নবী সেলিম আল দীনের লেখা ও সুরের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম তৈরি করেছেন। সেই অ্যালবামটিও খুব শিগগিরই বাজারে আসবে বলে জানান তিনি।
