বঙ্গবন্ধু সেতুতে বাতি আছে আলো নেই

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:১০
বঙ্গবন্ধু সেতুতে বাতি থাকলেও এগুলো জ্বলছে না। রাত্রিকালীন সেতুর উপরে এবং নিচে স্থাপিত ৪৬টি এয়ারক্রাফট ওয়ার্নিং লাইট (এইউএল), ৬৫টি নেভিগেশন লাইট (ব্রিজের নিচে) ও ৪০টি সোডিয়াম লাইট নষ্ট অবস্থায় পড়ে আছে। মেরামতের কোন উদ্যোগ নেই ঠিকাদারী প্রতিষ্ঠানের। ফলে রাতে সেতুতে লাইটগুলো বন্ধ থাকায় সেতুর ওপর প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। সেতুর নিচ দিয়ে চলাচলরত নৌপরিবহন মারাত্মক ঝুঁকিতে নদী পারাপার হচ্ছে। মেটালজিক্যাল কন্সট্রাকশন কোম্পানি অব চায়না (এমসিসিসি) নামক একটি কোম্পানি এবং এর সাথে থাকা এসইএল ও ইউডিসি’র (জয়েন্ট ভেঞ্চার) দুইটি বাংলাদেশি কোম্পানি বর্তমানে সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ টোল আদায়ের দায়িত্বে নিয়োজিত রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ৪৬টি এয়ারক্রাফট ওয়ার্নিং লাইটের মধ্যে ৪৬টিই নষ্ট, ৭৬টি সোডিয়াম লাইটের মধ্যে ৪০টি জ্বলছে, আর ৩৬টি বন্ধ রাখা হচ্ছে বিদ্যুত্ সাশ্রয় করার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক সেতু সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান নষ্ট লাইটগুলোর মেরামত বা প্রতিস্থাপনের কোন উদ্যোগই নিচ্ছে না। আর বঙ্গবন্ধু সেতু সাইট অফিসে বিবিএর যে প্রকৌশলীরা রধয়েছেন তারা দেখেও সেটা আমলে নিচ্ছেন না।