নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কথিত অপহরণের ৩ মাস ৬ দিন পর এলাকায় ফিরে এসেছে যুবক আরিফ হোসেন (২২)। শুক্রবার সে এলাকায় ফিরে আসলে লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এই মিথ্যা মামলায় ১ জন ১৭ দিন হাজত খেটে জামিন এবং আরো ১ জন বর্তমানে হাজতে রয়েছেন।
আড়াইহাজার থানা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গত বছরের ৯ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল গোপালদি পৌর সোনাকান্দা এলাকার জয়নাল মিয়ার ছেলে আরিফ। এ ঘটনায় অপহরণের অভিযোগ এনে আরিফের মা সুবেদা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছিল। মামলায় প্রতিপক্ষকে ঘায়েল করতে স্থানীয় ইউপি সদস্য আদম আলীসহ ৭ জনকে আসামি করা হয়। আসামিদের সকলের সঙ্গে আরিফ ও তাদের পরিবারের সম্পত্তি নিয়ে শত্রুতা ছিল। এ মামলায় পরে পুলিশ আদম আলী, হারুনকে গ্রেফতার করে।
এসআই রফিকুল আরো জানান, মূলত আরিফ অপহূত হয়নি সে সিলেটে গিয়ে পাথর তোলার কাজ করছিল। বিষয়টি তার পরিবারের লোকজন জানা সত্ত্বেও প্রতিপক্ষকে হয়রানি করতে অপহরণ মামলা করা হয়।
