মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ হলে দেশ এগিয়ে যাবে

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:১১
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ এবং ১৯৭৫ সালে সংঘটিত বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক জীবনে অস্থিরতা সৃষ্টি করেছে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ। তিনি বলেন, এই দুই হত্যাকাণ্ডের বিচার দেশের অস্থিরতা দূর করবে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। এখন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে দেশে সমৃদ্ধি, অগ্রগতি ও গণতন্ত্রচর্চার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। শুক্রবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ‘চল্লিশে বাংলাদেশ ঃ অর্জন ও ঝুঁকি’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দুই দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে । দুইদিনে মোট ৭টি সেশনে ২৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে। প্রথম সেশনটি ছিলো ‘রাজনীতি’ শীর্ষক। সেমিনারে দেশের বরেণ্য শিক্ষাবিদ ,গবেষকগণ দেশের ৪০বছর জাতীয় জীবনে রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিল্প সাহিত্য, বিজ্ঞান প্রযুক্তি, ক্রীড়া, চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতার দিক তুলে ধরবেন। গতকাল উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ এফ সালাউদ্দিন আহমেদ।