নান্দাইলে নেশা হিসেবে ব্যবহার হচ্ছে ‘ডান্ডি এডহেসিভ’!

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:১১
নান্দাইলে মাদকসেবীদের কাছে নেশার প্রিয় জিনিস হয়ে উঠেছে ‘ডেন্ডরাইট এডহেসিভ’ নামে ভারতের তৈরি এক ধরনের আঠা। নান্দাইল পৌর শহরের কয়েকটি ইলেকট্রনিক্সের দোকানে এ ধরনের আঠা বিক্রি করা হচ্ছে। ইলেকট্রনিক্স পণ্য, চামড়া, কাঠ বা প্লাস্টিকের তৈরি নানা ধরনের দ্রব্য জোড়া লাগাতে এই আঠার ব্যবহার হয়। ‘সুপার গ্লু’ নামক আঠার চেয়েও ডেন্ডরাইট এডহেসিভ নমনীয়। ঘরে রাখলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ব্যবসায়িদের একটি সূত্র জানায়, এটি একটি অপ্রচলিত পণ্য। কিন্তু এই আঠা বিক্রির হার অস্বাভাবিক। কয়েকজন মাদকসেবীর সাথে কথা বলে জানা যায়, ডেন্ডরাইট এডহেসিভের কয়েকটি টিউব টিপে এর ভেতরকার আঠা বের করে একটি পলিথিনে ঢুকানো হয়। তারপর এই পলিথিন নাকের কাছে রেখে উর্ধ্বশ্বাসে টান দেয় মাদকসেবীরা। এক ধরনের তীব্র ঝাঝাঁলো মিষ্টি গন্ধের কারণে কিছুক্ষণের মধ্যে শরীরে এক ধরনের ঘুমের আমেজ চলে আসে। সহজলভ্যতার কারণে এই আঠা নেশাখোরদের কাছে প্রিয় বস্তু। খোঁজ নিয়ে জানা যায় নানা বয়সের মাদকসেবী এই আঠার নেশায় জড়িয়ে পড়ছে।