তাজরীনে ক্ষতিপূরণের মূল অংশ দাবি ক্রেতাদের কাছে

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:১১
তাজরীন গার্মেন্টসে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের মূল অংশ এই প্রতিষ্ঠানের ক্রেতা প্রতিষ্ঠানকে (বায়ার) বহন করতে হবে। সেই সাথে তাজরীন কর্তৃপক্ষ, বিজিএমইএ ও সরকারকেও ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীনের আহত শ্রমিকদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন আয়োজিত এ সংবাদ সম্মেলনে নিহত শ্রমিকদের লস অব আর্নিংয়ের ভিত্তিতে তাদের পরিবারকে ২৫ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে দেয়ার দাবি জানানো হয়। সেই সাথে তাজরীনের মালিককে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, নিহত ১১২ জনের মধ্যে ৪৮ জনের পরিবারকে ৬ লাখ টাকা করে দেয়া হয়েছে। বাকী ৬৪ পরিবার এখনো ক্ষতিপূরণ পাননি। গুরুতর আহত ১১০ শ্রমিকের ৬৪ জনকে ১ লাখ টাকা করে দেয়া হয়। বাকীরা এখনো কোন ক্ষতিপূরণ পাননি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমিরুল হক অমিন।