সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:১৫
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত জামালপুর প্রতিনিধি \ জামালপুরের বকশীগঞ্জে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় বিউটি বেগম (৩৬) নামের এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি বেগম বাড়ি থেকে উপজেলা শিক্ষা অফিসে যাবার পথে তিনানিপাড়া নামক স্থানে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে আটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। সৈয়দপুরে মা সমাবেশ সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার সৈয়দপুরে রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এস.এম ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার হোসেন ফেকু। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫ মেধাবী শিক্ষার্থীর মা’দের পুরস্কৃত করেন অনুষ্ঠানের অতিথি। আড়াইহাজারে মা সমাবেশ গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এডভোকেট আমিনুল ইসলাম শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আরো উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নাজনীন শিরিন সুলতানা, প্রধান শিক্ষক আঃ বাতেন, শিক্ষক নেতা লোকমান হোসেন প্রমুখ। ফুলবাড়িতে কমিউনিটি পুলিশিং শীর্ষক বিতর্ক ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ ‘স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং-এর ভূমিকা যথেষ্ট’ শীর্ষক এক স্কুল বিতর্ক প্রতিযোগিতা গত বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ইউএসএইড ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আরডিআরএস সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদারীপুরে ভোক্তা অধিকার দিবস পালিত মাদারীপুর প্রতিনিধি \ বিশ্বভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে শুক্রবার জেলা সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, ক্যাব ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে র্যালিটি শহর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাহেদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নূর-উর-রহমান, জেলা ক্যাবের সভাপতি হুমায়রা লতিফ পান্না, মাদারীপুর চেম্বারের সহ-সভাপতি বাবুল দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল করিম খান প্রমুখ। পাটগ্রামে জামায়াত সমর্থক আটক পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রাম থেকে বৃহস্পতিবার আব্দুল মোতালেব নামে জামায়াতের এক সমর্থককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপনে সভা চলছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালালে অন্যরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ওই গ্রামের মোতালেবকে আটক করা হয়। রায়পুরার মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরায় রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ ও শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী জিয়াউল হক সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন রাজু এমপি। উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জোবেদা খাতুন, উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসাইন, অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চন প্রমুখ। বাঞ্ছারামপুরের ক্রীড়া ও সাংস্কৃিতক প্রতিযোগিতা বাঞ্ছারামপুর সংবাদদাতা \ বৃহস্পতিবার উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহম্মদ জমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা অঞ্চলের সিআইডির এডিশনাল এসপি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাছিরউদ্দিন আহম্মদ। তাছাড়া বক্তব্য রাখেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল গোলাম মাওলা খান দিপু, রাজনীতিবিদ মো: ফেরদাউস, মো. মোখলেছুর রহমান, ফরিদউদ্দিন, মো. মাইনউদ্দিন, মাসুদ রানা, এলেম খান প্রমুখ। খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্র উদ্ধার দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা \ দুর্গম পোগামপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ভোরে ১টি চায়না পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫টি তাজাসহ ৩ প্রকারের গুলি ও তত্কালীন শান্তিবাহিনীর ব্যবহূত কিছু সবুজ পোশাক উদ্ধার করে দীঘিনালা ক্যাম্পের সেনাবাহিনী। দীঘিনালা জোনের ক্যাপ্টেন আতাউর রহমান ও খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সিরাজদিখানে শিক্ষা সমাবেশ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে সিরাজদিখান উপজেলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ‘শিক্ষা সমাবেশ’। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পরিষদের প্রধান ও সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এটি মিলনমেলায় পরিণত হয়। সমাবেশ শেষে শ্রেষ্ঠ ফলাফলের জন্য উপজেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাগরিকা নাসরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল কাসেম প্রমুখ। ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ললিত (৩৮) ও দিনেশ চন্দ্র (১৮) নামে দুই সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের কার্তিকতলা নামক স্থানে ট্রাক-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই দ’ুজন নিহত হন। নিহতদের বাড়ি সদর উপজেলার গলিম বাবুর হাট গ্রামে। কোটালীপাড়ায় নারী নির্যাতন আইন বিষয়ক সভা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ শুক্রবার উপজেলার নারিকেলবাড়ী আদর্শ গ্রাম রিসোর্স সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাগরণী সংস্থার পারিবারিক সহিংসতামুক্ত আদর্শ গ্রাম কর্মসূচির আয়োজনে নারী নির্যাতন আইন বিষয়ক আইনী সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন জাগরণী সংস্থার পরিচালক রেনুকা বিশ্বাস, রিসোর্স পার্সন এ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার প্রমুখ। রায়গঞ্জে আদিবাসী ইউনিয়নের সভা অনুষ্ঠিত রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন রায়গঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা। গতকাল শনিবার উপজেলার নিমগাছি উরাও ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আদিবাসী ইউনিয়ন তাড়াশ উপজেলা শাখা সভাপতি ডা. লিটন চন্দ্র সিংহ। প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা রায়গঞ্জ প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) দীপক কুমার কর। বিশেষ অতিথি ছিলেন আদিবাসী নেতা বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ভূগোল বিভাগের (মাস্টার্স) শেষবর্ষের ছাত্র পরিমল কুমার মাহাতো, আদিবাসী নেতা বিদু রঞ্জন মাহাতো প্রমুখ। রায়পুরার ছয় শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণ রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত টানা তিনদিনে অন্তত ছয়টি স্কুল-কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়, আর. এম. উচ্চ বিদ্যালয়, কে. এম. বি. উচ্চ বিদ্যালয়, সৃষ্টি কিন্ডারগার্টেন ও মহেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাগরপুরে গরু ব্যবসায়ীর আড়াই লক্ষ টাকা ছিনতাই নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ নাগরপুর-চৌহালী সড়কে বনগ্রাম নামক স্থান থেকে সম্প্রতি এক গরু ব্যবসায়ীর দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে গেছে। এ সময় থানা পুলিশ কালাম নামের এক ছিনতাইকারীকে আটক করে। সৈয়দপুরের মহিলা কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা\ সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম। সৈয়দপুর মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কর্নেল (অব.) মারুফ সাকলান। কালিহাতীতে যুবকের লাশ উদ্ধার কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা\ কালিহাতীর এলেঙ্গা পৌর মহল্লার রাজাবাড়ী গোরস্থান সংলগ্ন গাছের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর মোহাম্মদ (২৮) শুক্রবার গভীর রাতে গোরস্থানের একটি মেহগনি গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ২ চাঁদাবাজ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরে পিস্তলসহ ২ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে শহরের কালাইশ্রীপাড়ায় জোরপূর্বক একটি বাড়ি থেকে চাঁদা দাবি করে শহরের পাইকপাড়ায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মাজেদুল আকবর তুলিপ (৩০) এবং কাজীপাড়ার বোমা প্রস্তুতকারী ও ছিনতাইকারী নূর মোহাম্মদ সোহেল (২৬)। খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের ওই বাসা থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫ কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কটিয়াদী-মঠখোলা সড়কে শনিবার সকালে রামদী নামক স্থানে ঢাকাগামী জলসিঁড়ি এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসটি সাইকেল আরোহী কাসেমকে চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত ও ২৫ ব্যক্তি আহত হয়। আলীকদমে কেন্দ্রীয় হরিমন্দিরে মহানামযজ্ঞ আলীকদম (বান্দরবান) সংবাদদাতা \ বান্দরবানের আলীকদম কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গণে মহতী ধর্মসভা ও তিন দিনব্যাপী মহানামযজ্ঞ গতকাল শনিবার শেষ হয়েছে। গত বৃহস্পতিবার গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। রাজৈর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর উপজেলা সদরে অবস্থিত রাজৈর ডিগ্রি কলেজে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।