ল্যান্ডফোনের ভাড়া ও কলরেট বৃদ্ধি কার স্বার্থে

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:২৯
আমরা সকলেই অবগত আছি মোবাইল ফোন আসার আগে ল্যান্ডফোন নিতে কত না বেগ পেতে হয়েছে। মোবাইল ফোন আসার পর ল্যান্ডফোনের চাহিদা কমতে থাকে। ফলে ২০০৭ সালের ডিসেম্বর মাসে লাইন রেন্ট ৮০ টাকা থেকে কমিয়ে ৭০ টাকা করা হয় এবং কলরেটও কমানো হয়। তারপরও মানুষ ল্যান্ডফোন ব্যবহার কমাতে থাকে। ফলে বর্তমানে সরকারই ২০০৯ সালের জুলাই মাসে লোকাল কল এবং এনডব্লিউডি কলকে লোকাল কলে রূপান্তর করে এবং ৭০ টাকার সমপরিমাণ ২৫০টি লোকাল কল ফ্রি দেওয়া হয়। তাছাড়াও ল্যান্ডফোন থেকে মোবাইলে কলরেট করা হয় ৬৫ পয়সা। বর্তমানে যেখানে বিভিন্ন মোবাইল কোম্পানী কলরেট কমানোর পাশাপাশি পালস্ সুবিধা দিচ্ছে, তখন আমাদের স্বনামধন্য টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই ২০১২ সালের নভেম্বর মাস থেকে লাইনরেন্ট ৭০ টাকার স্থলে ১২০ টাকা এবং ফ্রি লোকাল কল উঠিয়ে দিয়ে অন্য অপারেটরে কলরেট ৮০ পয়সা ধার্য করে বিল দিতে গ্রাহককে বাধ্য করছেন। আমার মনে হয়, বিশেষ কারো স্বার্থ রক্ষা করার জন্য ল্যান্ডফোন যাতে ব্যবহার না হয় তার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের ভেবে দেখা উচিত। মো. মোকছেদুর রাহমান ১১২৯, মিয়াপাড়া, জামালপুর ২০০০