গতকাল শনিবার কাজীপুর উপজেলার যমুনা নদীতে দুর্ধর্ষ নৌ-ডাকাতি হয়েছে। ডাকাতের গুলিতে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জগন্নাথপুর ঘাট থেকে দুইটি শ্যালোইঞ্জিন চালিত নৌকায় একদল গরু ব্যবসায়ী কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া হাটে গরু কেনার জন্য আসছিলেন। নৌকা দুটি নিশ্চিন্তপুর ইউনিয়নের কাজল গ্রাম নামক চরে আসলে আগে থেকে ওত পেতে থাকা নৌ-ডাকাতরা তাদের নৌকায় হামলা চালায়। ডাকাতরা অস্ত্রের মুখে ব্যবসায়ীদের নৌকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ব্যবসায়ীরা বাধা দিলে ডাকাতদল গুলি চালায়। এতে ঘটনাস্থলে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার জান্নাতি গ্রামের গরু ব্যবসায়ী দুহাইনা (৩৫) মারা গেলে ডাকাতরা তার লাশ যমুনায় ফেলে দেয়। পরে ডাকাতরা ব্যবসায়ীদের কাছে থাকা ৩৫ লাখ টাকা লুটে নিয়ে সরিষাবাড়ি উপজেলার দিকে চলে যায়। ডাকাতির ঘটনার প্রত্যক্ষদর্শী নিশ্চিন্তপুর ইউনিয়নের সদস্য আবদুল হাই জানান, ডাকাতরা ব্যবসায়ীদের টাকা লুট করে এলোপাতাড়ি গুলি করতে করতে পালিয়ে গেছে। খবর পেয়ে কাজীপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মোবাইলফোনে এসআই রেজা জানান, ঘটনা ঘটেছে সরিষাবাড়ি, সারিয়াকান্দি ও কাজীপুর উপজেলার সীমান্তবর্তী যমুনা নদীর কাজল গ্রামের কাছে। একজন ব্যবসায়ী নিহতের ঘটনা অস্বীকার করে তিনি জানান, ডাকাতরা ব্যবসায়িদের ২০ লাখ টাকার মতো নিয়ে গেছে। আমরা পৌঁছার আগেই আহতদের স্বজনরা সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়েছে বলে জেনেছি।
