খালেদা জিয়া প্রস্তাব দিলে আমরা সংলাপে বসতে প্রস্তুত :অর্থমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:৫০
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করছে তাদের এই দেশে বসবাস করার অধিকার নেই। বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। ওয়াদা বাস্তবায়ন করছে বর্তমান সরকার। তরুণ প্রজন্মের প্রশংসা করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকার্য বানচাল করার যে অপচেষ্টা ছিলো তা তরুণ প্রজন্ম রুখে দিয়েছে। তিনি আরো বলেন, সরকার নির্বাচন নিয়ে সংলাপের জন্য প্রস্তুত। প্রথমে বেগম খালেদা জিয়ার কাছ থেকে প্রস্তাব আসতে হবে, তিনি সংলাপের জন্য প্রস্তাব দিলে আমরা সংলাপ করতে প্রস্তুত আছি। কারণ আমরা প্রস্তাব দিলে বিএনপি তা প্রত্যাখ্যান করবে। অর্থমন্ত্রী গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ছাত্র গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার নূরে আলম মিনা প্রমুখ।