আজ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসছেন। এ দিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে তাঁর পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে বঙ্গবন্ধু কন্যা প্রধান অতিথির বক্তৃতা করবেন। আলোচনাসভা শেষে দর্শক সারিতে বসে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এরপর সেখানে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত গ্রন্থ মেলার উদ্বোধন করবেন। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরিত প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আকতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রীর এ সফরের তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
এদিকে দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আগামী ১৯ মার্চ পটুয়াখালীর দুমকি সফর করবেন। তিনি পটুয়াখালীতে দুইটি বৃহত্ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে পটুয়াখালী,দুমকী উপজেলাসহ দক্ষিণাঞ্চলে প্রাণ-চাঞ্চল্য দেখা দিয়েছে।
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী আগামী ১৯ মার্চ পটুয়াখালীর দশমিনা উপজেলা সফর করবেন। ১৯৮২ সালে দশমিনা উপজেলা প্রতিষ্ঠার পর দেশের কোন প্রধানমন্ত্রীর এটাই প্রথম দশমিনা সফর। সফরকালে তিনি বাঁশবাড়িয়ায় দেশের সর্ববৃহত্ বীজবর্ধন খামারের উদ্বোধন করবেন।
