সাইপ্রাসের জন্য ১০ বিলিয়ন ইউরো সাহায্য অনুমোদন
সাইপ্রাসকে সম্ভাব্য দেউলিয়াত্ব থেকে রক্ষার জন্য ১০ বিলিয়ন ইউরো ঋণ প্রদানের একটি প্রস্তাব অনুমোদন করেছে ইউরো জোনের নেতৃবৃন্দ (খবর-বিবিসি)। ব্রাসেলসে ১৭টি ইউরোজোনভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় শনিবার ঐ প্রস্তাব অনুমোদিত হয়। ইউরোজোন থেকে পাওয়া ঋণ শোধ করার জন্য সাইপ্রাস সরকারকে করের হার বৃদ্ধি, ব্যাংকিং সেবা সংকোচন এবং বিভিন্ন খাতে দেয়া ভর্তুকি হ্রাস করতে হবে। ইউরো গ্রুপের প্রেসিডেন্ট ও ফ্রান্সের অর্থমন্ত্রী জেরন ডিসেলব্লেম বলছেন, ইউরো গ্রুপ নীতিগতভাবে সাইপ্রাসের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য ১০ বিলিয়ন ইউরো প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কার্যত ইউরোজোনের অন্য দেশগুলোর স্থিতাবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হবে। গ্রীসের অর্থনৈতিক মন্দার সময় থেকেই মূলত সাইপ্রাসের অর্থনীতি দুর্বল হতে শুরু করে। কারণ গ্রীসের বিভিন্ন খাতে সাইপ্রাসের ব্যাংকগুলো ব্যাপকহারে বিনিয়োগ করেছিল। ইতিমধ্যেই সরকার ঘোষণা করেছে যে, নাগরিকদের সঞ্চয়ের ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে। ফলে, এই মন্দার সময় সেটি দেশটির নাগরিকদের ওপর বাড়তি চাপ ফেলবে। আর সে কারণেই দেশটিতে ইতিমধ্যেই ব্যাপক জন অসন্তোষ শুরু হয়েছে। অনেক সাইপ্রাসবাসী মনে করেন, এর ফলে দেশটির ওপর ইউরোজোন এবং আইএমএফ-এর খবরদারি বৃদ্ধি পাবে। দেশটির প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়েড মনে করেন পুরোপুরি দেউলিয়া হবার আগেই সাইপ্রাসের ব্যাংকগুলোকে রক্ষা করা দরকার।
রাজনৈতিক অস্থিরতায় মিশরের মুদ্রামান হ্রাস
মিশরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও ক্রমাগত বিশৃঙ্খলার সাথে সাথে আবার জাতীয় মুদ্রার মান হ্রাস পেয়েছে। স্থানীয় প্রচার মাধ্যম জানিয়েছে, স্থানীয় বাজারে মুদ্রা বিনিময় হার আরো কয়েক পয়েন্ট কমে গেছে মিশরের। বর্তমান এক মার্কিন ডলারের মূল্য ৬ দশমকি ৭৯ মিশরীয় পাউন্ডে নেমে গেছে, কিছুদিন আগেও এর পরিমাণ ছিল ৬ দশমকি ৭৫ পাউন্ড। মাত্র কয়েক দিনে মিশরের জাতীয় মুদ্রার মূল্য হ্রাস হয়েছে আধ পাউন্ড। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্ককে ৪ কোটি মার্কিন ডলার বিক্রি করিয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন এলভিরা নাবিউল্লিনা
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সমপ্রতি জানিয়েছেন, দেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রার্থী পদে এলভিরা নাবিউল্লিনাকে অনুমোদন করার জন্য এসম্পর্কিত দলিল তিনি সংসদে পাঠিয়েছেন। রাশিয়ার সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এলভিরা নাবিউল্লিনা রাষ্ট্রপতির অর্থনৈতিক উপদেষ্টা। বর্তমান কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান সের্গেই ইগনাতোভ-এর মেয়াদ শেষ হবে জুন মাসের শেষে। নাবিউল্লিনা বর্তমানে রাষ্ট্রপতির প্রশাসনে অর্থনৈতিক উপদেষ্টার পদে আসীন রয়েছেন।
পশ্চিমবঙ্গে ১২০ কোটি রুপীর ব্যাংক জালিয়াতি
পশ্চিমবঙ্গের একটি ব্যাঙ্ক থেকে পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন ও বিত্ত নির্গমের ১২০ কোটিরও বেশি রুপী তছরুপ হয়েছে এবং এ ঘটনায় ধরপাকড় শুরু হয়েছে -(খবর আনন্দ বাজার)। পরিকাঠামো উন্নয়ন ও বিত্ত নির্গম সার্কাস অ্যাভিনিউয়ের ইউকো ব্যাঙ্কে দুইদফায় ১২০ কোটি রুপীর ফিক্সড ডিপোজিট করেছিল। কিন্তু পরে ধরা পড়ে, সেই ডিপোজিটের সার্টিফিকেটগুলি জাল। অন্য সংস্থার অ্যাকাউন্টে চলে গিয়েছে অর্থ। এই নিয়ে তোলপাড় চলছে। তবে পুলিশ তদন্তে নেমে ব্যাঙ্ককর্তাদের গ্রেফতারও করেছে। পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন ও বিত্ত নির্গমের ১২০ কোটি রুপী যেভাবে তছরুপ হয়েছে, সেই কায়দায় রাজ্য বিপণন পর্ষদ এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্স্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ২২ কোটি রুপীও তছরুপ হয়েছে। পরিকাঠামো উন্নয়ন ও বিত্ত নির্গমের ১২০ কোটি রুপী তছরুপের ঘটনায় ইউকো ব্যাঙ্কের সার্কাস অ্যাভিনিউ শাখার ম্যানেজারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
