যমুনায় জেগে উঠেছে অসংখ্য চর-ডুবোচর

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২০:২৪
বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে কমে যাওয়ায় নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ফলে শহরাবাড়ী ঘাট থেকে ১০টি রুটের মধ্যে ৬টি রুটে নৌ-চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য রুটে নৌ-চলাচল অব্যাহত থাকলেও ৬ কিলোমিটার পথ যেতে ঘুরে ঘুরে ১২ কিলোমিটার পথ চলতে হচ্ছে। সময় ও অর্থ লাগছে দ্বিগুণ। এতে নৌকার মালিক ও যাত্রী সাধারণ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরাবাড়ী ঘাটের ইজারাদারের দায়িত্বে নিয়োজিত মাহবুবুর রহমান জানান, বন্ধ হয়ে যাওয়া ঘাটগুলোর আশপাশের লোকজনকে পায়ে হেঁটে দীর্ঘ বালিচর পাড়ি দিয়ে অন্য ঘাট থেকে নৌকায় উঠতে হচ্ছে। ফলে দুর্গম চরাঞ্চলের হাজার হাজার লোককে তাদের মালামাল পরিবহন ও যাতায়াতে চরম দর্ভোগ পোহাতে হচ্ছে।