উখিয়ায় কলেজ ছাত্রী অপহরণের চেষ্টা

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২০:২৫
উখিয়ার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের এক ছাত্রীকে কতিপয় দুর্বৃত্ত অপহরণের চেষ্টা চালিয়ে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে। শনিবার সকালে সাড়ে ৮টায় কলেজে আসার পথে মরিচ্যা গরুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ছাত্রীর পিতা বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ উপজেলার হলদিয়া ইউনিয়নের মধ্য হলদিয়া গ্রামের ঐ ছাত্রী অটোরিক্সাযোগে কলেজে আসার পথে যাত্রীবেশী একই গ্রামের শামশুল আলমের সন্ত্রাসী পুত্র ছৈয়দ হোসেন(২৫) তার অপর সহযোগীসহ তাকে জোরপূর্বক অপহরণের উদ্দেশ্যে টানা হেঁচড়া করে। এ সময় তার আত্মচিত্কারে স্থানীয় পথচারী লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীর কবল থেকে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্রীর পিতা বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে উপাধ্যক্ষ কাজী শাহাব উদ্দিন জানান।