গোপালপুর পৌরসভার চন্দবাড়ি গ্রামে সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত সন্ত্রাসীরা আওয়ামী লীগের কর্মী নয়। আওয়ামী লীগ এ ধরনের সন্ত্রাসীদের কখনো প্রশ্রয় দেয় না। গতকাল রবিবার গোপালপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আহূত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আব্দুল লতিফ, নগদাশিমলা ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন একশ্রেণীর পত্র-পত্রিকা এসব সন্ত্রাসীকে আওয়ামী লীগ কর্মী হিসাবে উল্লেখ করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
