ঈশ্বরদীর পদ্মা নদীর চর লীজ নিয়ে বাঁশেরবাধা গ্রামের সাইদার হোসেন বাবু গড়ে তুলেছিলেন ৩৫ বিঘার কুল বাগান। এলাকার দুর্বৃত্তরা সেই কুল বাগান আগুন দিয়ে পুড়িয়ে বাবুর স্বপ্ন ভঙ্গ করেছে। বাগান পুড়ে যাওয়ার শোকে সম্বলহীন বাবু শনিবার ঈশ্বরদী থানায় কয়েকজন দুর্বৃত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সাইদার হোসেন বাবু জানান, চররূপপুর গ্রামে চরের জমিতে তিনি ৩৫ বিঘা জমি লীজ নিয়ে কুলের বাগান গড়ে তোলেন। বাগান করার পর থেকে রূপপুর গ্রামের দবিরউদ্দিন বিশ্বাসের ছেলে রানা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় রানা বাগান পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। এরই জের ধরে গত শুক্রবার বিকেলে রানার নেতৃত্বে একদল দুর্বৃত্ত কুল বাগানে ঢুকে কর্মরত শ্রমিকদের মারধর এবং বাগানে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাগানের কুল গাছসহ ঘরে রাখা বেশ কিছু বাঁশও পুড়ে ছাই হয়ে যায়। এতে তার পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ঈশ্বরদী থানার এসআই রফিকুল ইসলাম ঘটনা সম্পর্কে বলেন, সরেজমিনে অভিযোগ তিনি তদন্ত করেছেন। তদন্তে পুড়ে যাওয়ার সত্যতা পাওয়া গেছে।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ময়েজ তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
