ডাক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২০:৩৩
এতদিন জানতাম ডাকবিভাগ একটি জনকল্যাণমূলক সেবাপ্রতিষ্ঠান। গরিব শ্রেণির লোকেরা এখনও কমমূল্যে চিঠিপত্র প্রেরণের জন্য একমাত্র ডাকবিভাগকে প্রাধান্য দিয়ে থাকেন। ইদানীং ডাকবিভাগ সেবার নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করছে। চিঠির বাক্সে চিঠি দিলে সেই চিঠি প্রাপকের কাছে পৌঁছায় না। এমন এক ভুক্তভোগী আমি। ২০০৯ সালের জুলাই মাসে একটি চিঠি এবং ২০১০ সালের জানুয়ারি মাসে একটি চিঠি প্রয়োজনীয় ডাকটিকিট লাগিয়ে আমি শান্তিনগর হোয়াইট হাউসের সামনের লেটার বক্সে দিয়েছিলাম যশোরে বসবাসরত আমার মায়ের কাছে। কিন্তু চিঠি দু’টি আজো পৌঁছায়নি। এই লেটার বক্সে আমার পরিচিত আরো কয়েকজন চিঠি দিয়েছে- কিন্তু তাদের চিঠিও প্রাপকের কাছে পৌঁছায়নি। স্থানীয় দোকানদারদের কাছ থেকে জানা গেছে যে, গত দুই/তিন বছরে এই লেটার বক্স খুলে চিঠি নিতে কাউকে তাঁরা দেখেননি। চিঠির বক্সে তালা লাগানো আছে। কিন্তু খোলা হয়নি। এখানে ডাকবিভাগের একটি লেটার বক্স আছে— এটা কি ডাকবিভাগের হিসাবে নেই? এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সোহরাব হোসেন, ১৪৮ শান্তিনগর, ঢাকা ১২১৭