মাধবপুরে ইটাখোলা রেল স্টেশনে ভূগর্ভস্থ কেবল চুরির হিড়িক

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:০৪
আখাউড়া-সিলেট রেললাইনের মাধবপুরের ইটাখোলা রেল স্টেশনে ভূগর্ভস্থ সিগন্যাল ক্যাবল লাইন চুরির হিড়িক পড়েছে। এ স্টেশনটি ৩ বছর যাবত্ বন্ধ থাকায় এখানে কোন লোকজন থাকে না। এ সুযোগে প্রতি রাতে মাটি খুঁড়ে ভূগর্ভস্থ মূল্যবান সিগন্যাল ক্যাবল লাইন চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরেরা । ২০১০ সালে এ স্টেশনটি বন্ধ করে দেয়া হয়। রেলওয়ে পুলিশের শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ইটাখোলা রেল স্টেশনটি শ্রীমঙ্গল থেকে ৬০/৭০ কিলোমিটার দূরে । তাদের নেই কোন যানবাহন। তারপরও ইটাখোলা স্টেশনে ক্যাবল চুরির বিষয়ে ২টি মামলা হয়েছে এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে রেলওয়ের ডিএসটিই (ঢাকা) মো. জাকারিয়া বলেন, স্টেশন মাস্টারের অভাবে ইটাখোলা রেল স্টেশনটি বন্ধ রয়েছে । রেলওয়ের বিভিন্ন বিভাগে প্রায় ৫০ ভাগ কর্মকর্তা-কর্মচারীর সংকট রয়েছে। চালু স্টেশনগুলোতে প্রয়োজনীয় লোকবল দেয়া যাচ্ছে না। তাই বন্ধ স্টেশনে কোন লোক দেয়া সম্ভব হচ্ছে না। ইটাখোলা স্টেশনে সব মিলে প্রায় ৮ কোটি টাকার মালামাল রয়েছে।