জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প বিলুপ্ত হতে চলেছে। সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় উপকরণের অভাব ও উচ্চমূল্যের কারণে এই শিল্পে মহাদুর্দিন চলছে। অথচ শৈল্পিক নৈপুণ্যে তৈরি এ সকল পণ্যের প্রতি অনেকের আলাদা দুর্বলতা রয়েছে।
বাঁশ ও বেতের উত্পাদন কমে যাওয়ায় এসবের দাম এখন অনেক বেড়ে গেছে। অনেক সময় টাকা দিয়েও ভালো বেত পাওয়া যায় না। অন্যদিকে কঠোর পরিশ্রমে তৈরি বাঁশ-বেতের পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় এই শিল্পের সাথে জড়িতরা অভাব-অনটনের মধ্যে রয়েছেন। তারপরও গ্রামের দরিদ্র পরিবারগুলো বিকল্প কিছু করতে না পেরে আজও বাঁশ-বেতের পণ্য তৈরির কাজ করে চলছেন। এরা ঝুড়ি, কুলা, খলই, ডাম, পলো, উড়া, দুছইন, মোড়া ইত্যাদি তৈরি করে বিভিন্ন গ্রাম ও হাট বাজারে বিক্রি করছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের রিয়াজ উল্ল্যাহ জানান, বাঁশ বেতের তৈরি পণ্যের বাজার দর একেবারেই কম। ফলে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে আমরা অনেকেই পারিবারিক পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। জানা যায়, জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০/২৫টি গ্রামের কয়েকশ’ পরিবার এখনো বাঁশ বেত শিল্পের সাথে সম্পৃক্ত রয়েছে।
