তানোর পৌর মেয়র তার এলাকার পাকা রাস্তা দিয়ে গরুর গাড়িতে কৃষিপণ্য পরিবহন নিষিদ্ধ করায় স্থানীয় কৃষকের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিষেধাজ্ঞার প্রতিবাদে ভুক্তভোগীরা উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, তানোর পৌর এলাকার জিওল গ্রামের আলু চাষি ওমর আলীসহ শতাধিক কৃষক কাটাপুকুর এলাকার কয়েকশ’ বিঘা জমিতে আলুর আবাদ করেন। সেখানে উত্পাদিত আলু উত্তোলনের পর সংশ্লিষ্টরা প্রায় এক সপ্তাহ ধরে গরুর গাড়িতে তা পরিবহন করছেন। কিন্তু গত রবিবার সকালে তানোর পৌর মেয়র ওই এলাকার পাকা রাস্তায় গরুর গাড়িতে করে কৃষিপণ্য পরিবহনে বাধা দেন। সংশ্লিষ্ট কৃষকরা মেয়রের এমন আচরণের কারণ জানতে চাইলে তিনি তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। পরে কৃষকরা উপজেলা চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দেন। উপজেলা চেয়ারম্যান তাত্ক্ষণিকভাবে কৃষকদের পাকা রাস্তার উপর দিয়ে গরুর গাড়িতে করে কৃষিপণ্য পরিবহনের লিখিত অনুমতি দেন। পৌর এলাকার পাকা রাস্তায় গরুর গাড়িতে কৃষিপণ্য পরিবহনের আইন সম্পর্কে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত অবগত নন। তবে তিনি বলেন, কৃষিপণ্য গরুর গাড়িতে পরিবহনে আইনগত কোন বাধা থাকার কথা নয়। মেয়র ফিরোজ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লা বলেন, জনপ্রতিনিধি হয়ে জনগণের কৃষিপণ্য চলাচলে বাধা দেয়া ক্ষমতার দাপট ছাড়া আর কিছু নয়। এনিয়ে বাড়াবাড়ি না করার জন্য তিনি মেয়রের প্রতি অনুরোধ জানান।
