ইবিতে অস্থায়ী হোটেলে শিক্ষার্থীদের ভাংচুর বেশি দামে নিম্নমানের খাবার

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:০৮
গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী হোটেলগুলোতে ভাংচুর করেছে সাধারণ শিক্ষার্থীরা। হোটেলগুলোতে নিম্নমানের খাবার পরিবেশন, ইচ্ছেমত যখন-তখন খাবারের দাম বাড়ানো, হোটেলবয় কর্তৃক শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করা, হোটেলের মাধ্যমে মাদকদ্রব্য সরবরাহসহ নানা অপকর্মের অভিযোগে এ ভাংচুর চালানো হয়। এর আগে গত বৃহস্পতিবার উপরোল্লিখিত কারণে অস্থায়ী হোটেলগুলো বন্ধ করে হলের ডাইনিংগুলোর খাবারের মান বাড়ানোর জন্য সাবসিডি বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ২৪ ঘণ্টা চালু রাখার ব্যবস্থা করার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও কর্তৃপক্ষ কোন কার্যকর ব্যবস্থা না নেয়ায় গতকাল দুপুর ১২টার দিকে হোটেলগুলোতে ভাংচুর করা হয়। এ সময় প্রক্টর ড. মোহম্মদ জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মাহবুবুর রহমান এবং প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরা এসে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।