রংপুরে ‘কৃষি পণ্যের উন্নয়ন, প্যাকেজিং ও বাজার উপযোগীকরণ’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় রংপুর চেম্বার মিলনায়তনে রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকার উদ্যোগে ও রংপুর চেম্বারের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোছাদ্দেক হোসেন বাবলু। বক্তারা রংপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের জোর দাবি জানিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালকের সুদৃষ্টি কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দিন আহমেদ বলেন, সম্ভাবনাময় রংপুর অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে ব্যাপক হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, এ অঞ্চলের উদ্যোক্তাদের কৃষিভিত্তিক শিল্প স্থাপনে এগিয়ে আসতে হবে।
চেম্বার প্রেসিডেন্ট মোছাদ্দেক হোসেন বাবলু বলেন, রংপুর অঞ্চলের আম, কাঁঠাল, কলা, আনারস, লিচু, পেঁপে, গাজর, টমেটো ও তরমুজ সংরক্ষণের ব্যবস্থা করে প্রক্রিয়াজাতকরণ ও জ্যাম-জেলির ফ্যাক্টরি স্থাপনের পাশাপাশি রপ্তানির উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এছাড়া আলু থেকে পটেটো চিপস, ক্র্যাকাস ইত্যাদি প্রস্তুত করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। সেমিনারের বিষয়বস্তু সম্পর্কে বিশদ আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাঃ কামরুল হাছান। স্বাগত বক্তব্য ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো, ঢাকার উপ-পরিচালক আখতার আলী সরকার। সেমিনারে এছাড়া উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রাজা, পরিচালকবৃন্দ, চেম্বারের সাবেক কর্মকর্তাগণ, ব্যাংক-বীমার কর্মকর্তা, বিসিকের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কারাগারে কয়েদীর মৃত্যু
রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (৫৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। গত শনিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল রবিবার ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান জানান, একটি হত্যা মামলায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া গ্রামের অলি মাহমুদের পুত্র আনোয়ার হোসেনের যাবজ্জীবন সাজা হয়। ২০০৩ সালে তাকে নীলফামারী থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। শুক্রবার রাত ৮টায় আনোয়ার বুকের ব্যথা অনুভব করলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
