সাবেক সংসদ সদস্য ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, পিছিয়ে থাকা শিশুদের এগিয়ে নিতে শুধু সরকার নয়, সকলের ভূমিকা রাখতে হবে। গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইস্কাটন গার্ডেনস্থ আলমগীর এম এ কবির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সুইড বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক দেবপ্রিয় বড়ুয়া, সংসদ সদস্য আসমা জেরিন ঝুমু, সুইড বাংলাদেশের মহাসচিব হেমায়েতউদ্দিন আহমেদ প্রমুখ।
তাসমিমা হোসেন আরও বলেন, এক সময় শেখ মুজিবুর রহমান নামের একজন মহান ব্যক্তি আমাদের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, দেশ স্বাধীন হয়েছে। এখন এই স্বাধীন দেশে আমাদের সবারই সামাজিক দায়িত্ব আছে। আমাদের একটু সচেতনতা, একটু বাড়তি যত্ন মানসিকভাবে পিছিয়ে থাকা শিশুদের এগিয়ে নিতে পারে।
দেবপ্রিয় বড়ুয়া বলেন, ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে সুলতানা জামানের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে। বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি সকল ঐতিহাসিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন শেখ মুজিব থাকবেন। আলোচনা শেষে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে সুইড বাংলাদেশের জাতীয় শিশুদিবসের অনুষ্ঠানমালা শুরু হয়।
