যাদের মাইগ্রেন জাতীয় মাথাব্যথা হয়, একই সাথে ধূমপানও করেন দুইটি প্রশ্নের উত্তরই যদি হ্যাঁসূচক হয়, তাহলে বুঝতে হবে ধূমপান বাড়িয়ে তুলছে মাইগ্রেনের আক্রমণ। অনেকেই বলেন, মাথাব্যথা কমানোর আশাতেই তারা সিগারেট ধরান। কিন্তু গবেষকরা জানাচ্ছেন, সিগারেট মাথাব্যথা তো কমায়ই না, বরং উল্টো কাজটি করে। স্পেনের একদল গবেষক সালামানকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা বিজ্ঞানের সাড়ে তিনশ ছাত্রের উপর জরিপ চালিয়ে জানাচ্ছেন, ধূমপায়ীদের মধ্যে মাইগ্রেনের হার অধূমপায়ীদের চেয়ে বেশি এবং প্রতিদিন ৫টির বেশি সিগারেট পান করলে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। যদিও মাইগ্রেনের পেছনে বংশগত কারণও রয়েছে। ‘জার্নাল অব হেডেক এন্ড পেইন’-এ এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক ডা. জুলিও পাসক্যুয়াল বলেন, মাথাব্যথা নিয়ন্ত্রণকারী মস্তিষ্ক কোষের অস্বাভাবিক সক্রিয়তার কারণে মাইগ্রেন হয়। জন্মগতভাবেই মাইগ্রেন ঝুঁকিপূর্ণ ব্যক্তির মস্তিষ্ককোষ স্বাভাবিক ব্যক্তির চেয়ে অধিক সক্রিয়তাপ্রবণ হয়। ফলে তামাক জাতীয় উত্তেজক সহজেই একে অস্বাভাবিকভাবে সক্রিয় করে তোলে, শুরু হয় অসহ্য মাথাব্যথা।
