আলোচনার কথা বলে এক দফার আন্দোলন থেকে সরানো যাবে না

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আলোচনার কথা বলে এক দফার আন্দোলন থেকে সরানো যাবে না। সরকার আলোচনার জন্য আন্তরিক নয়। তাহলে তারা আমাদের ওপর নির্যাতন করতো না। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘জামায়াতের পক্ষ নেয়ায় খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’ এই কথা তার মুখে শোভা পায় না। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফেরত দেয়ার ও বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ‘স্বাধীনতা ফোরাম’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শামসুজ্জামান দুদু, মাহবুব উদ্দিন খোকন, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।