বোচাগঞ্জের সোয়া নদী পুনঃখনন জরুরি

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:২৯
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বন্যায় কৃষকের ফসলি জমির জলাবদ্ধতা ও জলবায়ুর পরিবর্তনসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় ঐতিহ্যবাহী সোয়া নদী পুনঃখনন করা হলে ফসলের উত্পাদন দ্বিগুণ বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। একসময়ের খরস্রোতা ঐতিহাসিক ‘সোয়া নদী’ বিভিন্নভাবে দখল ও মাটি ভরাট হয়ে চেহারা বদলে সরু নালায় পরিণত হয়েছে। বর্তমান সরকার দেশের নদ-নদীর নাব্যতা পুনরুদ্ধারে দেশব্যাপী বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও সোয়া নদীর কোন কার্যক্রম নেই। স্থানীয় কতিপয় ব্যক্তি কর্তৃক সোয়া নদী ভরাটসহ বেদখল করে স্থাপনা গড়ে তোলা প্রসঙ্গে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর বলেন, নদীটি পুনঃখনন করে পূর্বের নাব্যতা ফিরিয়ে আনার জন্য একটি বড় ধরনের প্রকল্পের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন সম্পর্কে পৗরসভার সহকারী প্রকৌশলী মোঃ রইছউদ্দিন মিঞা জানান, প্রস্তাবিত প্রকল্পে সেতাবগঞ্জ পৌরসভাধীন ৬ কিলোমিটার সোয়া নদী এলাকায় বিভিন্ন স্থানে নদীর ভাঙ্গন রোধে নদীর বিভিন্ন স্থানে রিটেনিং ওয়াল তৈরি, সড়কসমূহের পার্শ্বে বৃক্ষ রোপণ, নদীর বেদখল স্থাপনা উচ্ছেদকরণসহ প্রকল্পের বিভিন্ন খাতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা।